চলন্ত মোটরসাইকেল থেকে পরপর ককটেল বিস্ফোরণ, ধামরাইয়ে আতঙ্ক
ধামরাই দক্ষিণ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার ধামরাইয়ে সাটুরিয়া-কালামপুর সড়কের দুটি বাজারে চলন্ত মোটরসাইকেল থেকে পরপর ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার সানোড়া ইউনিয়নের মহিশাষী বাজার ও কাওয়ালিপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে আবদুল হালিম নামের এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত মহিশাষী বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে উত্তর নওহাটা গ্রামের আবদুল হালিম আহত হন। এর ১৫ মিনিট পর রাত সোয়া ১০টার দিকে কাওয়ালিপাড়া বাজারের ওয়ালটন শোরুম এবং ব্র্যাক এনজিও কার্যালয়ের সামনেও একই কায়দায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ হোসেন লেবিন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন সুমন ও বিএনপি নেতা মোহাম্মদ বেনী ইয়ামিনসহ ধামরাই উপজেলা ও সানোড়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। তবে কী কারণে বা কারা এসব বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইলিয়াস হোসেন জানান, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দা সংস্থাও এ নিয়ে কাজ করছে। তদন্তসাপেক্ষে দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
