বাড়ি থেকে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন ২ ভাই
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১২ পিএম
সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাই। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
একসঙ্গে বাড়ি থেকে বের হয়েছিলেন দুই ভাই, কিন্তু আর একসঙ্গে ফেরা হলো না। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ইফতেখার মাহমুদ তুষার (৩২) ও ইমতিয়াজ মাহমুদ ইরাত (২৮)। দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকায় হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও তিন জন গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সানজিদা তাবাসসুম।
নিহত তুষার ও ইরাত উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বংশাল এলাকার হায়দার আলী সিপাহীর বাড়ির মো. হারুনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে দুই ভাই ফরহাদাবাদের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। পথে চারিয়া মুছার দোকান এলাকায় নাজিরহাটমুখী অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের পাঁচজন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইরাতকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।
নিহত তুষার কয়েক মাস আগে প্রবাস থেকে দেশে ফিরেছিলেন। তিনি এক সন্তানের জনক। কয়েক মাস আগে প্রবাসজীবন ছেড়ে পরিবারের কাছে ফিরে আসা প্রবাসীসহ দুই সহোদরের এমন আকস্মিক মৃত্যুতে তাদের স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দুই ভাইকে একসঙ্গে হারিয়ে তাদের পরিবারটি এখন শোকে স্তব্ধ।
নাজিরহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে তিনি একজনের মৃত্যুর খবর পেয়েছেন। অপর আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

