সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম
সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ,
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ ও সড়ক অবরোধের প্রভাব পড়েছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচলে। নিরাপত্তাঝুঁকির আশঙ্কায় পদ্মা সেতু হয়ে এ রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহণ মালিকরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালেও সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি। এতে জরুরি প্রয়োজনে ঢাকাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
সাতক্ষীরা শহরের সংগীতা মোড় ও পাটকেলঘাটা এলাকার পরিবহণ কাউন্টার সূত্রে জানা গেছে, বুধবার সকালে কয়েকটি বাস পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ, যানবাহনে হামলা ও অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়ার পর দুপুর থেকে এ রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
পরিবহণসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সড়কে সহিংসতার আশঙ্কা, গাড়ির ক্ষয়ক্ষতি এবং চালক ও শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরুরি প্রয়োজনে ঢাকাগামী যাত্রীদের জন্য বিকল্প হিসেবে যশোর হয়ে আরিচা ফেরিঘাট দিয়ে সীমিতসংখ্যক বাস চলাচল করছে। এতে যাত্রার সময় ও ভোগান্তি দুটিই বাড়ছে।
হামদান পরিবহণের পরিচালক রাজিব বিশ্বাস বৃহস্পতিবার সকালে বলেন, সকাল থেকে কোনো পরিবহণ ছেড়ে যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার বাস চলাচল চালু হবে।
ইমাদ পরিবহণের পাটকেলঘাটা কাউন্টারের ব্যবস্থাপক স্বাধীন বলেন, বুধবার সকালে আমাদের কয়েকটি গাড়ি পদ্মা সেতু হয়ে ঢাকার দিকে গেছে; কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি খারাপ হওয়ায় দুপুর থেকে ওই রুটে আর গাড়ি পাঠানো হয়নি।
এসকে পরিবহণের সাতক্ষীরা কাউন্টারের ব্যবস্থাপক জহির রায়হান বলেন, নিরাপত্তার স্বার্থে পদ্মা সেতু হয়ে সব পরিবহণের চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার থেকে বিকল্প পথে ফেরিঘাট হয়ে কিছু গাড়ি ঢাকায় যাচ্ছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছাড়ছে না।
বাস চলাচল বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জরুরি কাজে ঢাকাগামী যাত্রীরা। বৃহস্পতিবার ঢাকায় একটি জরুরি সভায় যোগ দেওয়ার কথা ছিল একটি কোম্পানির সাতক্ষীরা এরিয়া ম্যানেজার বজলু রহমানের। বুধবার বিকালে সংগীতা মোড়ের কাউন্টারে টিকিট নিতে এসে বাস না পেয়ে দুশ্চিন্তায় পড়েন তিনি।
বজলু রহমান বলেন, বৃহস্পতিবার ঢাকায় প্রধান কার্যালয়ে জরুরি সভা আছে। বুধবার বিকালে রওনা দিতে কাউন্টারে এসে দেখি কোনো গাড়িই ঢাকায় যাচ্ছে না। এখন কিভাবে পৌঁছাব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।
আরেক যাত্রী মো. আরিফুল ইসলাম বলেন, জরুরি কাজে আজই ঢাকায় যেতে হতো। কাউন্টারে এসে জানলাম, পদ্মা সেতু হয়ে কোনো বাস যাবে না। বিকল্প পথে সময় বেশি লাগবে, আবার পথে কী পরিস্থিতি হয়, সেই ভয়ও আছে।
পরিবহণ শ্রমিকরা জানান, চলন্ত অবস্থায় কোনো দূরপাল্লার বাস হামলা বা অগ্নিসংযোগের শিকার হলে মালিকদের বড় ধরনের আর্থিক ক্ষতির পাশাপাশি চালক ও সহকারীদের জীবনও ঝুঁকির মুখে পড়বে। এ কারণে গোপালগঞ্জসহ সংশ্লিষ্ট সড়কের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পদ্মা সেতু হয়ে বাস চালাতে আগ্রহী নন তারা।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সাতক্ষীরা সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী বলেন, সাতক্ষীরায় বাস চলাচলে নিরাপত্তার কোনো সমস্যা নেই। তবে ঢাকা যাওয়ার পথে কিছু জায়গায় নিরাপত্তাজনিত সমস্যার কারণে সাতক্ষীরা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ আছে।
সড়কে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে পদ্মা সেতু হয়ে বাস চলাচল আবার চালু হতে পারে বলে জানিয়েছেন পরিবহণসংশ্লিষ্ট ব্যক্তিরা।
