মধ্যরাতে বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা, পালিয়ে বাঁচলেন সাংবাদিক
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম
মধ্যরাতে বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা, পালিয়ে বাঁচলেন সাংবাদিক
|
ফলো করুন |
|
|---|---|
সাতক্ষীরার শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিক বিলাল হোসেনকে বাড়ি থেকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল ও বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। তবে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে তা ব্যর্থ হয়। এ সময় ওই সাংবাদিক বাড়ির পাশের ঘেরে পালিয়ে রক্ষা পান।
বুধবার (১৮ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আটির উপর গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটে।
সাংবাদিক বিলাল হোসেন দৈনিক আমাদের সময়ের শ্যামনগর প্রতিনিধি, মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য এডিটরসের উপকূলীয় প্রতিনিধি ও সাতক্ষীরার সকালের শ্যামনগর ব্যুরোপ্রধান হিসেবে কর্মরত আছেন। তিনি স্থানীয় সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতিও।
বিলাল হোসেন জানান, রাতে তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ সাবেক জাসাস নেতা রায়হানুল ইসলামসহ কয়েকজন তার বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন। ঘুম থেকে উঠে বাইরে এলে তাকে জানানো হয়, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর ও যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোলসহ কয়েকজন নেতা সড়কে অপেক্ষা করছেন।
এ সময় তিনি ও তার বাবা আক্তার মল্লিক বাইরে বের হন। সড়কে গিয়ে দেখেন ওই তিন নেতা ছাড়াও ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান, যুবদল নেতা আল আমিন, সাবেক জাসাস নেতা আবু মুসা কাজল, জাসাস নেতা রায়হানুল ইসলাম, যুবদল নেতা মমিনুর রহমান মমিন ও আব্দুল্লাহসহ কয়েকজন দাঁড়িয়ে আছেন।
বিলাল হোসেনের অভিযোগ, সড়কে পৌঁছার পর তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে রাজি না হলে সেখানে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসে উঠতে বলা হয়। উঠতে না চাইলে তাকে মারধর করা হয়। এ সময় তিনি চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং তাদের হাত থেকে তাকে ছাড়িয়ে নেন। পরে তিনি ফেসবুক লাইভে এসে নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চান এবং পাশের একটি ঘেরে পালিয়ে রক্ষা পান।
তার দাবি, পরে তাকে না পেয়ে বাড়িতে আবার হামলা চালানো হয়। এতে তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা আক্রান্ত হন। বেশ কিছুক্ষণ পর সেখানে পুলিশ এলে তার বৃদ্ধ বাবাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
তবে অভিযোগ অস্বীকার করে শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু ও ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান বলেন, সাংবাদিক পরিচয়ের আড়ালে বিলাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছিলেন। তাদের দাবি, বুধবার রাতে রমজাননগরের ভেটখালী এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আব্দুল কাদের নামে এক সৈনিক লীগ নেতার মোবাইল ফোন পরীক্ষা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি টেলিগ্রাম গ্রুপে বিলাল হোসেনসহ স্থানীয় কয়েকজনকে যুক্ত দেখা যায়। ওই গ্রুপে বৃহস্পতিবার সকাল ১০টায় একটি বৈঠক নিয়েও আলোচনা হয়েছিল বলে তারা দাবি করেন।
এই দুই নেতা বলেন, এ কারণে বিলালকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করতে তার বাড়িতে যাওয়া হয়েছিল; কিন্তু তিনি ফেসবুক লাইভে এসে জনমত তৈরির উদ্দেশ্যে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করেন। পরে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিলাল পালিয়ে যান। তাদের দাবি, সেই সময় বিলালের বাবা পুলিশের সামনেই পুলিশের গাড়িতে হামলা করেন এবং তার পরিবারের সদস্যরা নেতাকর্মীদের ওপর আক্রমণাত্মক হয়ে ওঠেন। তখন পুলিশ তার বাবাকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারীর ব্যবহৃত সরকারি মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তার সরকারি নম্বরের হোয়াটসঅ্যাপে খুদেবার্তা পাঠিয়েও বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোনো সাড়া মেলেনি।
এদিকে এ ঘটনায় সাংবাদিক বিলাল হোসেন ও তার পরিবারের নিরাপত্তা এবং স্থানীয় সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
