শত বছরের প্রতীক্ষার অবসান, পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:১৩ পিএম
পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু
|
ফলো করুন |
|
|---|---|
ট্রেন নিয়ে পাবনাবাসীর শত বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরাসরি ঢাকা-পাবনা রেল যোগাযোগ চালু হয়েছে। ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে এক জোড়া আন্তঃনগর ট্রেন উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানীর সঙ্গে সরাসরি রেলপথে যুক্ত হলো পুরোনো ও ঐতিহ্যবাহী এই জেলা।
একই সঙ্গে পাবনার উন্নয়ন ও অবকাঠামো সম্প্রসারণে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন রেলপথ, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পাবনা রেলস্টেশনে ঢাকা-পাবনা ট্রেন চলাচল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে পাবনার দাবিগুলো অগ্রাধিকার পাবে এবং পেতে চলেছে।’
পরে সন্ধ্যা সাড়ে ৫টায় ফিতা কেটে প্রথমবারের মতো ঢাকা-পাবনা ট্রেন চলাচল উদ্বোধন করেন তিনি। একই সময়ে পাবনা স্টেশন থেকে ঢাকামুখী পাবনা প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যসহ তাদের সফরসঙ্গীরা ওই ট্রেনে চড়ে ঢাকার উদ্দেশে রওনা হন।
প্রধান অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী বলেন, পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল রেলপথে সরাসরি ঢাকায় যাতায়াতের। সেই প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে। নতুন ট্রেনটিতে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান পাবনা-ঢাকা রেল যোগাযোগকে অগ্রাধিকার দিয়ে ট্রেনটি চালুর বিশেষ নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়ে মন্ত্রী বলেন, পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে ওয়াই-টাইপ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর সম্ভাব্যতা যাচাই চলছে। একই সঙ্গে বিস্তারিত নকশা প্রণয়নের কাজও গ্রহণ করা হয়েছে। সেতুটিতে রেল যোগাযোগ যুক্ত করে দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
রেলপথ আধুনিকায়নের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী জানান, নতুন করে ২০০টি ক্যারেজ আসছে। এর প্রথম চালানের ক্যারেজ দিয়েই পাবনা-ঢাকা রেল যোগাযোগ চালু করা হয়েছে। এছাড়া আরও ৪০০টি ক্যারেজ সংগ্রহ এবং ৮০টি নতুন লোকোমোটিভ সংযোজনের পরিকল্পনা রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে নতুন রেললাইন নির্মাণ, পুরোনো লাইন পুনঃস্থাপন, ইলেকট্রিক ট্র্যাকশন চালু এবং নতুন ১০টি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, রেল যোগাযোগের মাধ্যমে পাবনা সভ্যতা ও অগ্রগতির নতুন ধারায় যুক্ত হলো। তিনি দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার দাবি জানান। পাশাপাশি পদ্মা ব্যারাজ প্রকল্প, পাবনা বিমানবন্দর পুনরায় চালু, কৃষি বিশ্ববিদ্যালয়, ৫০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল, চার লেন সড়ক, আইটি ভিলেজ ও নগর উন্নয়নসহ জেলার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগার, পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং পাবনা জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু।
স্বাগত বক্তব্য দেন- বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন। এ সময় পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশরাফ, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের প্রাচীনতম ১৭টি জেলার একটি এবং ঐতিহাসিকভাবে সমৃদ্ধ ১৯৮ বছর বয়সি পাবনা জেলাবাসীর সরাসরি ঢাকা-পাবনা রেল চালুর দাবি দীর্ঘদিনের। স্বাধীনতার পর ১৯৭২-৭৩ সালে ঈশ্বরদী-পাবনা-নগরবাড়ী রেললাইনের জন্য ভূমি অধিগ্রহণ ও প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হয়; কিন্তু কালের বিবর্তনে তা থেমে যায়। এরপর বিগত সরকারের আমলে রাজশাহী-ঢালারচর পর্যন্ত রেল সার্ভিস চালু করা হলেও পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু হয়নি।
২০২৩ সালের ১৬ মে তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনায় এক সংবর্ধনা সভায় ওই বছরের সেপ্টেম্বর থেকে সরাসরি রেল চালুর ঘোষণা দিলেও তা আর আলোর মুখ দেখেনি। অন্তর্বর্তী সরকারের পৌনে দুই বছরেও বিষয়টি বাস্তবায়িত হয়নি। অবশেষে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি ও রেল সচিব মো. ফাহিমুল ইসলামের সক্রিয় উদ্যোগে ট্রেনটি চালু হলো।
রেলওয়ে সূত্র জানায়, বৃহস্পতিবার উদ্বোধন উপলক্ষে সন্ধ্যা সাড়ে ৫টায় বিশেষ যাত্রা শুরু হলেও শুক্রবার (২০ নভেম্বর) থেকে বাণিজ্যিকভাবে পরিচালিত ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশে বিকাল ৩টা ২৫ মিনিটে এবং ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশে সকাল ৮টায় ছেড়ে যাবে।
