কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ১৩ বছর পর তিনজনের যাবজ্জীবন
বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ পিএম
বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল
|
ফলো করুন |
|
|---|---|
বরগুনায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার ১৩ বছর পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোস্তফা শাহরিয়ার খান এ রায় ঘোষণা করেন।
একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সন্ধ্যায় ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রনজুয়ারা সিপু রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের গোড়াপদ্মা এলাকার নুরু মাঝির ছেলে মো. নান্না, শিয়ালিয়া এলাকার ইউছুফ মৃধার ছেলে মো. জাফর এবং ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের ছোট তালতলী এলাকার রুস্তুমের ছেলে কবির।
আদালত সূত্রে জানা যায়, ঘটনার সময় ভুক্তভোগী কিশোরী বরগুনা সদর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্কুলে যাওয়া-আসার পথে আসামিরা তাকে প্রায়ই উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিতেন। ২০১৩ সালের ২৮ জানুয়ারি ওই কিশোরী পাশের বাড়িতে এক বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে যায়। রাতে বাড়ি ফেরার পথে আসামিরা তাকে জোরপূর্বক পাশের একটি কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে ওই বছরই বরগুনা সদর থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন।
এ বিষয়ে ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রনজুয়ারা সিপু বলেন, ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেককেই ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
