কৃষকের ফলানো সোনার ধানে বৃষ্টির খড়্গ
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম
কৃষকের ফলানো সোনার ধানে বৃষ্টির খড়্গ
|
ফলো করুন |
|
|---|---|
ঘূর্ণিঝড়ের প্রভাবে শুরু হওয়া দুই দিনের টানা বৃষ্টিতে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় পাকা আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া টানা বর্ষণ ও জলাবদ্ধতায় কাটা ধান ঘরে তোলার আগেই মাঠে পড়ে থেকে নষ্ট হচ্ছে। কোথাও কাটা ধান পানিতে ডুবে আছে, আবার কোথাও ভেজা ধানে অঙ্কুরোদগম ও গুণগত মান নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চিলমারীতে ৮ হাজার ২২৫ হেক্টর জমিতে আমন ধান রোপণ করা হয়েছে। এ থেকে সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে ৩৮ হাজার ৭৭৫ মেট্রিক টন ধান, যা উপজেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকার কথা।
স্থানীয় কৃষকরা জানান, টানা বর্ষণ ও জলাবদ্ধতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ব্রহ্মপুত্র নদবেষ্টিত চরাঞ্চল ও নিচু এলাকার চাষিরা। অনেকেই পাকা ধান কেটে শুকানো ও আঁটি বাঁধার জন্য জমিতেই রেখে দিয়েছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে নিচু জমিতে পানি জমে যাওয়ায় কেটে রাখা ধান সময়মতো ঘরে তোলা সম্ভব হচ্ছে না। জলাবদ্ধতার কারণে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ ব্যাহত হচ্ছে। দ্রুত রোদ না উঠলে ভেজা ধানে অঙ্কুরোদগম কিংবা চিটা হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
সবুজপাড়া এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রহমান রতন বলেন, সারা বছর কষ্ট করে যে ফসল ফলিয়েছি, বৃষ্টির কারণে তা ঘরে তুলতে পারছি না। ধানের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছি।
কৃষক নগেন চন্দ্র বলেন, মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে সার-বীজ কিনে অনেক কষ্টে ফসল ফলিয়েছিলাম। হঠাৎ বৃষ্টিতে আমরা চরম ক্ষতির মুখে পড়েছি। চোখের সামনে কষ্টের ফসল নষ্ট হতে দেখে বুক ভেঙে যাচ্ছে।
উপজেলার নয়ারহাট ইউনিয়নের কৃষক মাহফুজার রহমান, চিলমারী ইউনিয়নের মেহেদী হাসান, অষ্টমীরচর এলাকার রবিউল ইসলাম এবং চরপাত্রখাতা এলাকার লিয়াকত আলী জানান, আমনের বাম্পার ফলন দেখে তারা আশায় বুক বেঁধেছিলেন; কিন্তু শেষ মুহূর্তে পাকা ধান ঘরে তুলতে না পেরে তাদের সেই আশা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে।
এদিকে বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে চিলমারীর শ্রমজীবী ও দিনমজুরদের স্বাভাবিক কর্মকাণ্ডও বাধাগ্রস্ত হচ্ছে। কাজ না থাকায় অনেকের দৈনন্দিন আয় বন্ধ হয়ে গেছে, ফলে পরিবার নিয়ে দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে তাদের।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, হঠাৎ বৃষ্টির কারণে কিছু ধান মাটিতে নুয়ে পড়েছে। আবার কিছু কাটা ধান শুকানোর জন্য মাঠে রাখা হয়েছিল, সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে দ্রুত আবহাওয়া ভালো হলে ক্ষতির পরিমাণ কম হবে। এখনই ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বলা যাচ্ছে না; দু-এক দিন পর তা নিরূপণ করা যাবে।
