ইয়াবাসহ গ্রেফতারের পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম
মো. টিপু বকসী
|
ফলো করুন |
|
|---|---|
কুড়িগ্রামের রাজারহাটে ইয়াবা ট্যাবলেটসহ আটক হওয়ার পর নাজিমখান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. টিপু বকসীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃত টিপু বকসীর পুরো নাম শাহজাহান আলী বকসী (৪৫)। তিনি উপজেলার নাজিমখান ইউনিয়নের মমিন বকসীপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নান বকসীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নাজিমখান ইউনিয়নের মনারকুঠি গ্রামে স্থানীয় বাসিন্দারা টিপু বকসী ও মো. হাবিবুর রহমান (৪৬) নামের অপর এক ব্যক্তিকে আটক করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে হাবিবুর রহমানের শার্টের পকেট থেকে তিনটি এবং টিপু বকসীর জিনস প্যান্টের পকেট থেকে দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা পাঁচটি ইয়াবার ওজন শূন্য দশমিক পাঁচ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য দুই হাজার টাকা।
পুলিশ জানায়, আটক দুজনকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের নথিপত্র অনুযায়ী, আটক দুজনের বিরুদ্ধেই রাজারহাট থানায় আগে থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রয়েছে। এর মধ্যে হাবিবুর রহমানের বিরুদ্ধে চলতি বছরের ২১ আগস্ট দায়ের করা মামলায় ইতোমধ্যে অভিযোগপত্র দেওয়া হয়েছে এবং টিপু বকসীর বিরুদ্ধে ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি আরেকটি মামলা হয়েছিল।
এদিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলা কমিটির আহ্বায়ক মো. আনিছুর রহমান লিটন ও সদস্য সচিব মো. রুবেল চৌধুরীর নির্দেশক্রমে টিপু বকসীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার জন্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
