ভৈরবে বসতবাড়ির উঠানে ১০ ফুট লম্বা গাঁজা গাছ, মালিক গ্রেফতার
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম
ভৈরবে বসতবাড়ির উঠানে ১০ ফুট লম্বা গাঁজা গাছ, মালিক গ্রেফতার
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের ভৈরবে বসতবাড়ির উঠানে চাষ করা প্রায় ১০ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাদকবিরোধী টাস্কফোর্স। এ সময় হেলাল মিয়া (৪৭) নামের বাড়ির মালিককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কালীপুর পূর্বকান্দা বাদশা বিল এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতার হেলাল মিয়া ওই এলাকার মৃত লায়েছ মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হকের নেতৃত্বে আনসার সদস্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান চালায়। অভিযানে হেলাল মিয়ার বাড়ির উঠানে চাষ করা অবস্থায় প্রায় ১০ ফুট উচ্চতার ডালপালাযুক্ত একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
এ বিষয়ে আটক হেলাল মিয়া দাবি করেন, আমি কখনো গাঁজা সেবন করি না। এক বন্ধুর কথায় শখ করে গাছের চারাটি রোপণ করেছিলাম। গাঁজা বিক্রি করা আমার উদ্দেশ্য ছিল না। না জেনে ভুল করেছি।
ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালীপুর এলাকার একটি বসতবাড়ির উঠান থেকে গাঁজা গাছটি উদ্ধার করা হয়েছে। বাড়ির মালিককে গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
