নামের ভুলে ১৮ বছর ধরে কারাগারে, চার সপ্তাহের জন্য মুক্তি পেলেন বাদল
গাজীপুর প্রতিনিধি ও বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৫ পিএম
বাদল ফরাজি।
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘ ১৮ বছরের বন্দিজীবন ও অপেক্ষার পর পরিবারের কাছে ফেরার সুযোগ পেয়েছেন বাদল ফরাজি। ভারতের দিল্লিতে নামের মিলের কারণে হত্যা মামলায় জড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া এই বাংলাদেশি নাগরিক চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নিরাপত্তায় নিজ বাড়ি বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হন তিনি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ জানান, বাদল ফরাজিকে এসকর্ট দিয়ে বাগেরহাটে পৌঁছে দিতে মহানগর পুলিশের একটি দল দায়িত্ব পালন করেছে। সেখানে বাগেরহাট জেলা পুলিশ তাকে গ্রহণ করে নিজেদের হেফাজতে নেয়।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আবদুল্লাহ আল মামুনও বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে গত ১৬ নভেম্বর জারি করা এক আদেশে বাদল ফরাজির চার সপ্তাহের প্যারোল মঞ্জুরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশনা দেওয়া হয়। আদেশে তাকে নিজ স্থায়ী ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা এবং প্যারোলের ক্ষেত্রে প্রযোজ্য শর্তাবলি অনুসরণের কথা বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাদল ফরাজির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন।
তিনি জানান, প্যারোল নীতিমালা-২০১৬ অনুযায়ী সাধারণত ১২ ঘণ্টার সুযোগ থাকলেও বিশেষ সিদ্ধান্তে মানবিক বিবেচনায় বাদল ফরাজিকে চার সপ্তাহের প্যারোল দেওয়া হয়েছে। বন্দীদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে এ সিদ্ধান্ত ভবিষ্যতে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকতে পারে।
জানা যায়, ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় নামের মিলের কারণে বাদল ফরাজি ভুলভাবে জড়িয়ে পড়েন। ওই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। প্রায় ১০ বছর ভারতের কারাগারে থাকার পর ২০১৮ সালে ভারত-বাংলাদেশ বন্দী বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর থেকে তিনি বাংলাদেশের কারাগারে বন্দী ছিলেন। সর্বশেষ তিনি গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
বাদল ফরাজির প্যারোলে মুক্তির প্রক্রিয়া বাস্তবায়নে মানবাধিকার ও আইনগত সহায়তা সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) সহযোগিতামূলক উদ্যোগ নেয়। এর আগে সংস্থাটির পক্ষ থেকে তাকে নিরাপদে স্থায়ী ঠিকানায় পৌঁছে দিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহযোগিতা চাওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার তাকে কারাগার থেকে বাগেরহাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

