যে কারণে দুই স্ত্রীকে ঘরে আটকে রাখেন স্বামী
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম
প্রতীকী ছবি। এআই দিয়ে তৈরি
|
ফলো করুন |
|
|---|---|
পাবনার ঈশ্বরদীতে স্বামীর নির্যাতনের শিকার হয়ে সাত দিন ধরে গৃহবন্দি থাকা দুই সতিনকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
এর আগে স্থানীয়দের সহায়তায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে উদ্ধারের আকুতি জানান অবরুদ্ধ ওই দুই নারী।
অভিযুক্ত স্বামী সুজন খাঁ চরগড়গড়ি এলাকার জামাল খাঁর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
উদ্ধার হওয়া দুই নারী অভিযোগ করেন, তাদের স্বামী সুজন একজন মাদকাসক্ত। তার কথামতো মাদক সেবনে অস্বীকৃতি জানানো এবং যৌতুকের টাকা না দেওয়ায় দীর্ঘদিন ধরে তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন তিনি। সর্বশেষ এক সপ্তাহ আগে তাদের মারধর করে ঘরে তালাবদ্ধ করে রাখেন এবং বাইরে পাচার করে দেওয়ার হুমকি দেন। নিরুপায় হয়ে তারা জানালা দিয়ে বিষয়টি প্রতিবেশীদের জানান।
স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম জানান, সন্ধ্যায় প্রতিবেশীদের মাধ্যমে ওই দুই নারীর অবরুদ্ধ থাকার খবর পান তিনি। পরে বাড়ির জানালা দিয়ে তাদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়ে তাৎক্ষণিকভাবে ৯৯৯-এ কল করে পুলিশকে জানান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, ৯৯৯-এ ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে অবরুদ্ধ দুই নারীকে উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে অভিযুক্ত সুজন খাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
