ওসির কুরুচিপূর্ণ আচরণ: দৃষ্টান্তমূলক শাস্তি দাবি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রীর
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম
ওসি ফয়জুল আজিম নোমান ও যুবলীগ নেত্রী
|
ফলো করুন |
|
|---|---|
ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান ও থানার দালালদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ আচরণ এবং অর্থ আদায়ের অভিযোগ তুলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সভানেত্রী তাসকিরা তানিন সনি।
সম্প্রতি গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ দাবি জানান।
এদিকে ওসির বিরুদ্ধে ওঠা অভিযোগ ও একটি অডিও কল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করেছে।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, প্রত্যাহারের আদেশ হলেও তিনি এখন পর্যন্ত দায়িত্ব হস্তান্তর করেননি।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তাসকিরা তানিন সনি অভিযোগ করেন, কোনো মামলা ও গ্রেফতারি পরোয়ানা ছাড়াই গত ১০ নভেম্বর গভীর রাতে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় তাকে হাজতখানায় না রেখে কম্পাউন্ডের একটি কক্ষে রাখা হয়। সেখানে ওসি নোমান তার সঙ্গে বারবার যৌন হয়রানিমূলক ও কুরুচিপূর্ণ আচরণ করেন এবং শরীর স্পর্শ করেন।
তিনি আরও অভিযোগ করেন, ওই সময় তুহিন নামে থানার এক দালাল তার কাছে ৩ লাখ টাকা দাবি করেন। টাকা দিলে তাকে সন্দেহভাজন হিসেবে সাধারণ ধারায় গ্রেফতার দেখানো হবে এবং সহজে জামিন মিলবে বলে জানানো হয়। পরে তার বোনের কাছ থেকে ২ লাখ টাকা নেওয়ার পরও সাধারণ ধারায় না দেখিয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
তাসকিরা তানিন বলেন, ‘পাঁচ দিন কারাভোগের পর জামিনে বেরিয়ে এলে ওসি নোমান আমাকে ফোন করে তার সরকারি বাংলোয় যাওয়ার আমন্ত্রণ জানান। না গেলে আমার অষ্টম শ্রেণিপড়ুয়া ছেলেকে নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডার হিসেবে গ্রেফতারের ভয় দেখান। গ্রেফতার আতঙ্কে আমার ছেলের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।’
তিনি জানান, জেল থেকে বের হওয়ার পরও দালাল তুহিন তার বোনের কাছে আরও টাকা দাবি করেন। ওসির এমন আচরণে আতঙ্কিত হয়ে তিনি কুমিল্লায় আত্মগোপনে চলে যান। সেখানে থাকাকালীনও ওসি তাকে ফোন করে গোপনে গাড়ি নিয়ে বাংলোয় দেখা করতে বলেন। তিনি মাইগ্রেনের ব্যথায় ভুগছেন জানালে ওসি তার কাছে গেলে ব্যথা ভালো হয়ে যাবে বলে উত্ত্যক্ত করেন। একপর্যায়ে ভয় পেয়ে তিনি যাওয়ার আশ্বাস দিয়ে ফোন বন্ধ করে দেন। পরবর্তীতে ওই ফোনালাপের অডিও ছড়িয়ে পড়ায় তিনি পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন।
এসব হেনস্তার পেছনে থানার দালাল তুহিন, লিপি, প্রত্যাশা ও কতিপয় ব্যবসায়ীসহ চিহ্নিত তদবিরবাজরা জড়িত বলে অভিযোগ করেন তিনি। একজন নারীকে গভীর রাতে পরোয়ানা ছাড়া গ্রেফতার করে থানায় যৌন হয়রানি করা প্রচলিত আইনে পড়ে কিনা, সেই প্রশ্ন তুলে তিনি ওসি ও দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওসি ফয়জুল আজিম নোমান গত বছরের ৭ ডিসেম্বর দাগনভূঞা থানায় যোগদানের পর থেকেই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। তার বিরুদ্ধে চুরি-ডাকাতি বৃদ্ধি, মাদককারবারি, ইটভাটা, মাটি ব্যবসায়ী, ফুটপাত ও করাতকল (স-মিল) থেকে মাসিক ও দৈনিক ভিত্তিতে চাঁদা আদায় এবং দালালদের যোগসাজশে ঘুস বাণিজ্যের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেফতার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পর ওসি ও সনির কথোপকথনের অডিওটি প্রকাশ্যে আসে।
অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় ওসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন সনি। তার দাবি, গ্রেফতারের পর থানা হাজতে ওসি তার সঙ্গে শ্লীলতাহানি করেন এবং তাকে আলিঙ্গনের অনুরোধ জানান। এছাড়া ৫৪ ধারায় আদালতে পাঠানোর কথা বলে স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে ওসিকে দুই লাখ টাকা ঘুস দেন বলে দাবি করেন তিনি। তবে টাকা নেওয়ার পরও তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয় বলে অভিযোগ সনির।
তবে সনির অভিযোগ অস্বীকার করেছেন ওসি ফয়জুল আজীম নোমান। অডিওতে নিজের কথোপকথনের বিষয়টি স্বীকার করে তিনি দাবি করেন, আসামি গ্রেফতারের কৌশল হিসেবে সনিকে বাসায় আসতে বলেছিলেন। অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই তাকে ডেকেছিলেন, এর পেছনে অসৎ কোনো উদ্দেশ্য ছিল না। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
