জন্মদিনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে কেক কেটে ফেসবুকে পোস্ট এসআইয়ের, অতঃপর...
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২২ পিএম
জন্মদিনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে কেক কেটে ফেসবুকে পোস্ট
|
ফলো করুন |
|
|---|---|
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার উপপরিদর্শক (এসআই) শেখ জিয়াউর রহমানের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে জন্মদিনের কেক কাটার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে নাচোলের ‘এসএন ক্যাফেতে’ এ জন্মদিন উদযাপন করা হয়।
পরদিন শুক্রবার সকালে ওই অনুষ্ঠানের ছবি ফেসবুকে পোস্ট করেন এসআই শেখ জিয়াউর রহমান। পরে সমালোচনার মুখে তিনি তা সরিয়ে নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ‘এসএন ক্যাফেতে’ এসআই জিয়ার জন্মদিনের আয়োজনে কসবা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান এবং কর্মী বিপু উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে নিয়ে কেক কাটেন এসআই জিয়া। শুক্রবার সকাল ৯টার দিকে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ওই ছাত্রলীগ নেতার হাতে কেক খাওয়ার ছবি প্রকাশ করেন।
ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের ভূমিকা নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে বেলা সাড়ে ১১টার দিকে তিনি ফেসবুক থেকে ছবিগুলো মুছে ফেলেন। এর আগে বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার কয়েকটি স্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের প্রকাশ্যে মিছিল করতে দেখা যায়।
এ বিষয়ে নাচোলের কসবা ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান বলেন, ‘মেহেদি হাসান ওয়ার্ড নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা কিভাবে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হাতে জন্মদিনের কেক খান? পুলিশের তো তাদের গ্রেফতার করার কথা।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাচোল থানার এসআই শেখ জিয়াউর রহমান বলেন, ‘ভুলবশত এটি হয়ে গেছে। সে যে ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি, তা আমি জানতাম না।’ এ সময় তিনি সংবাদকর্মীকে প্রতিবেদনটি প্রকাশ না করার অনুরোধ জানান।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর সঙ্গে কোনো পুলিশ সদস্যের জন্মদিনের কেক কাটার কথা নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
