জব্দ করা প্রাইভেটকার ভাঙচুর, ৫ লাখ টাকা দাবির অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১০ পিএম
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন করেন গোমস্তাপুর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. মাহফুজা খাতুন
|
ফলো করুন |
|
|---|---|
সড়ক দুর্ঘটনায় জব্দ করা একটি প্রাইভেটকার আটকে রেখে ভাঙচুর এবং ফেরত দেওয়ার বিনিময়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ও উপপরিদর্শক (এসআই) আরিফের বিরুদ্ধে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন গোমস্তাপুর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. মাহফুজা খাতুন। তিনি এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
সংবাদ সম্মেলনে মাহফুজা খাতুন জানান, গত ৬ জানুয়ারি রাজশাহী থেকে চিকিৎসা শেষে ব্যক্তিগত প্রাইভেটকারে গোমস্তাপুরে ফিরছিলেন তিনি। পথে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি অটোরিকশার সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হয় এবং অটোরিকশার কয়েকজন যাত্রী আহত হন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে প্রাইভেটকার ও অটোরিকশা দুটি জব্দ করে থানায় নিয়ে যায়।
মাহফুজা খাতুনের অভিযোগ, তৎকালীন ওসি মো. নূরে আলম ও এসআই আরিফ যোগসাজশ করে অটোরিকশা দুটি ও এর চালকদের ছেড়ে দেন; কিন্তু পরবর্তীতে মামলা ও প্রাইভেটকারটি ছেড়ে দেওয়ার কথা বলে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে হয়রানি শুরু করা হয় এবং মেসার্স রাবেয়া ফিলিং স্টেশনে খোলা আকাশের নিচে গাড়িটি ফেলে রাখা হয়।
তিনি আরও জানান, গাড়িটি জিম্মায় পেতে তাকে দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। অবশেষে ২৭ সেপ্টেম্বর আদালতের আদেশে গাড়িটি বুঝে নিতে গিয়ে তিনি দেখেন, সেটির সামনের ও পেছনের অংশ এবং সামনের কাচ (উইন্ডশিল্ড) ভাঙচুর করা হয়েছে। এছাড়া ভেতরের যন্ত্রাংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইচ্ছাকৃত ভাঙচুর ও অযত্নে ফেলে রাখার কারণে গাড়িটি প্রায় অকেজো হয়ে পড়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বর্তমানে জেলা পুলিশ অফিসের অপরাধ শাখায় কর্মরত ওসি নূরে আলম বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
