পাবনায় ইজতেমা শুরু, জুমার নামাজে মুসল্লির ঢল
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম
পাবনায় ইজতেমা শুরু, জুমার নামাজে মুসল্লির ঢল
|
ফলো করুন |
|
|---|---|
পাবনার কেন্দ্রীয় আরিফপুর ঈদগাহ ময়দানে তাবলিগ জামাতের একাংশের (সাদপন্থি) তিন দিনব্যাপী জেলা ইজতেমা চলছে। ইজতেমার দ্বিতীয় দিন শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজ আদায় করতে ময়দানে প্রায় অর্ধলক্ষ মুসল্লির সমাগম ঘটে।
ইজতেমা আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, শনিবার (২৮ নভেম্বর) বাদ আসর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের জেলা ইজতেমা। এর আগপর্যন্ত বিরতিহীনভাবে ধর্মীয় বয়ান চলবে।
শুক্রবার ইজতেমা ময়দানে জুমার বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ মোস্তফা। জুমার জামাতে পাবনা ও দেশের বিভিন্ন জেলাসহ অসংখ্য বিদেশি মুসল্লি এবং আলেম-ওলামা অংশ নেন।
মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে পাশের মাঠ ছাড়িয়ে পাবনা-সুজানগর মহাসড়ক ও আশপাশের গলিতে ছড়িয়ে পড়ে। সেখানেই কাতারবদ্ধ হয়ে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। জামাতে জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষ শরিক হন।
জুমার নামাজের পর দেশ-বিদেশের খ্যাতনামা আলেম-ওলামারা ধর্মীয় বয়ান করেন। ইজতেমায় আসা মুসল্লিদের সুবিধার্থে মাঠে পানি নিষ্কাশন ও প্যান্ডেল নির্মাণসহ যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
