বরিশাল বিমানবন্দরে নাশকতার চেষ্টা, আনসার সদস্যকে কুপিয়ে জখম
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বরিশাল বিমানবন্দরের ভেতরে বৈদ্যুতিক তার কাটার চেষ্টায় বাধা দেওয়ায় মিঠু হালদার নামের দায়িত্বরত এক আনসার সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৬টার দিকে বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ধাওয়া করে রুহুল আমিন নামের অভিযুক্ত যুবককে আটক করে এয়ারপোর্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছেন আনসারের প্লাটুন কমান্ডার হুমায়ুন কবির।
আহত আনসার সদস্য মিঠু হালদার পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাসিন্দা ধীরেন্দ্র হালদারের ছেলে। অন্যদিকে আটক রুহুল আমিন বরিশালের বাবুগঞ্জ উপজেলার উত্তর রহমতপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে।
বিমানবন্দর ও আনসার সূত্রে জানা গেছে, সকালে রুহুল আমিন বিমানবন্দরের সীমানাপ্রাচীরে সুড়ঙ্গ করে ভেতরে প্রবেশ করেন। এরপর বৈদ্যুতিক তার কাটার সময় দায়িত্বরত আনসার সদস্য মিঠু হালদার বিষয়টি দেখে ফেলেন এবং দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। এ সময় রুহুল আমিন তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মিঠু হালদারকে কুপিয়ে জখম করে পালানোর চেষ্টা করেন।
ঘটনাটি টের পেয়ে আনসারের প্লাটুন কমান্ডার হুমায়ুন কবির ধাওয়া করে রুহুল আমিনকে আটক করেন। পরে খবর পেয়ে এয়ারপোর্ট থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এদিকে সহকর্মীরা গুরুতর আহত মিঠু হালদারকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়।
আনসার কমান্ডার হুমায়ুন কবির যুগান্তরকে বলেন, অভিযুক্ত ব্যক্তি বিমানবন্দরের ভেতরে স্থাপিত বৈদ্যুতিক তার কেটে পুরো এলাকা অন্ধকার করে নাশকতার চেষ্টা করছিলেন।
বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায় যুগান্তরকে বলেন, অভিযুক্ত ব্যক্তি বিমানবন্দরের সীমানাপ্রাচীরে সুড়ঙ্গ করে ভেতরে প্রবেশ করেন এবং নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে বৈদ্যুতিক তার কাটার সময় বাধা দেওয়ায় আনসার সদস্যকে কুপিয়ে আহত করেন।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
