প্রেমের টানে সন্তান-সংসার ফেলে পরকীয়া প্রেমিকের বাড়িতে গৃহবধূ
মুলাদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪০ পিএম
ছবি: এআই দিয়ে তৈরি
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাটের সোনাপুর গ্রামে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন যশোরের এক গৃহবধূ (২৫)। তার দাবি, প্রায় দুই বছর ধরে হামিম হোসেন (২৮) নামে এক যুবকের সঙ্গে তার পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ের আশ্বাস পেয়ে তিনি যশোর থেকে কাজিরহাটে ছুটে এসেছেন।
ওই গৃহবধূ এলাকায় অবস্থান নেওয়ার সংবাদ পেয়ে হামিম বাড়ি ছেড়ে পালিয়েছে বলে জানান স্থানীয়রা। তবে হামিমের পরিবারের পক্ষ থেকে তাকে বাড়ি ছাড়ার চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ওই গৃহবধূ।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল ৫টা পর্যন্ত ওই গৃহবধূ হামিমের বাড়িতেই অবস্থান করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর গ্রামের বাসিন্দা ও কাজিরহাট বাজারের মাছ ব্যবসায়ী আব্দুল কুদ্দুসের ছেলে হামিমের সঙ্গে যশোর সদর এলাকার ওই গৃহবধূর মোবাইল ফোনে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গৃহবধূর দাবি, সম্পর্কের একপর্যায়ে হামিম বিয়ের আশ্বাসে বিকাশের মাধ্যমে তার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছেন।
ওই গৃহবধূ জানান, তার আগের সংসারে তিন বছর বয়সি একটি কন্যাসন্তান রয়েছে। হামিম বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে কাজিরহাটে বাড়িতে আসতে বলেন। সেই আশ্বাসে আগের সংসার ও সন্তানকে রেখে গত ২১ নভেম্বর যশোর থেকে কাজিরহাটে আসেন তিনি।
গৃহবধূ আরও জানান, কাজিরহাটে আসার পর তিনি প্রথমে হামিমের দেওয়া ঠিকানা মতো তার ভগ্নিপতি শাহিন খানের চরউদয়পুর গ্রামের বাড়িতে পাঁচ দিন অবস্থান করেন। এর মধ্যে হামিম এলাকা ছেড়ে চলে যায়। পরে তাকে না পেয়ে গত বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হামিমের বাড়িতে গেলে তার মা-বাবা তাকে বের করে দেওয়ার চেষ্টা করেন।
ওই গৃহবধূ ভাষ্য, দীর্ঘদিনের সম্পর্কে হামিম তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং দুজনের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এখন তার ফিরে যাওয়ার মতো জায়গা নেই। হামিম স্ত্রী হিসেবে মেনে না নিলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান।
এ বিষয়ে হামিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তার বাবা আব্দুল কুদ্দুস জানান, গত ২১ নভেম্বর ছেলে হামিমের সঙ্গে বিয়ের দাবি নিয়ে এক গৃহবধূ যশোর থেকে জামাতা শাহিন খানের বাড়িতে ওঠে। পরে গত বুধবার দিবাগত রাত থেকে ওই গৃহবধূ বাড়িতে অবস্থান নিয়েছে। ছেলে বাড়ি না ফেরায় বিস্তারিত কিছু জানা যাচ্ছে না। গৃহবধূকে তার অভিভাবক নিয়ে কথা বলার জন্য যেতে বলা হয়েছিল। কিন্তু সে না গিয়ে বাড়িতেই অবস্থান করছে।
কাজিরহাট থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

