শুক্র ও শনিবার সকালে প্রিপেইড গ্যাস রিচার্জ বন্ধ থাকবে সিলেটে
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম
শুক্র ও শনিবার সকালে প্রিপেইড গ্যাস রিচার্জ বন্ধ থাকবে সিলেটে
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটে আবাসিক গ্রাহকদের প্রিপেইড গ্যাস মিটারে রিচার্জ কার্যক্রম শুক্রবার (২৭ নভেম্বর) ও শনিবার (২৮ নভেম্বর) সাময়িকভাবে বন্ধ থাকবে।
প্রিপেইড গ্যাস মিটারিং সিস্টেমের কারিগরি রক্ষণাবেক্ষণের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডডি সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার ও শনিবার প্রতিদিন ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে গ্যাস রিচার্জ করা যাবে না। দুই দিনে মোট ১২ ঘণ্টা বন্ধ থাকবে এ সেবা।
এ সময়ে গ্রাহকরা অ্যাপের মাধ্যমে নতুন করে গ্যাসের ব্যালান্স রিচার্জ করতে পারবেন না। সম্ভাব্য ভোগান্তি এড়াতে প্রিপেইড মিটারে যাদের গ্যাসের ব্যালান্স কম রয়েছে, তাদের নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় রিচার্জ সম্পন্ন করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে শুক্র ও শনিবার সকালে গ্যাসের প্রয়োজন রয়েছে, এমন গ্রাহকদের আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতার জন্য ১৬৫১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
