পদ্মার এক কাতলা মাছ বিক্রি হলো ৫৭ হাজার ৬০০ টাকায়
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম
কাতলা মাছ
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ২৪ কেজি ওজনের একটি কাতলা মাছ ৫৭ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে দৌলতদিয়া লঞ্চঘাটের উজানে বাহিরচর এলাকায় মাছটি ধরা পড়ে।
দৌলতদিয়ার স্থানীয় জেলে মাহবুব হালদার বলেন, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে পদ্মা নদীর লঞ্চঘাটের উজানে বাহিরচর এলাকায় জাল পেতে বসে থাকি। রাতে জালে কোনো মাছ ধরা পড়েনি। পরে শুক্রবার ভোরের দিকে চাপজালে জোরে একটি ধাক্কা দিলে বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। জাল তুলে দেখি বিশাল এক কাতল মাছ।
তিনি আরও জানান, মাছটি বিক্রির জন্য ৫ নম্বর ফেরিঘাটে এনে ওজন করে দেখা যায়, এর ওজন ২৪ কেজি। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ প্রতি কেজি ২ হাজার ৩০০ টাকা দরে মোট ৫৫ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ শুক্রবার সন্ধ্যায় বলেন, মাছটি কেনার পর মোবাইল ফোনে ভিডিও কলে দক্ষিণ কোরিয়া প্রবাসী মাহবুবুর রহমানকে দেখাই। তিনি তার পরিবারের জন্য প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে মোট ৫৭ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন। আমি কেজিতে ১০০ টাকা লাভ রেখে মাছটি কেটে সকালেই দূরপাল্লার পরিবহণের মাধ্যমে তার ঠিকানায় পাঠিয়ে দিয়েছি।
