ছাত্রদল নেতার বাসায় উপজেলা ছাত্রলীগ সভাপতির মাদক সেবন, অতঃপর...
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বরগুনার বেতাগী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাজীব হোসেন জোমাদ্দারের বাসায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতিসহ চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেতাগী পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ডের ওয়াপদা কলোনিতে এ অভিযান চালানো হয়।
এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের সঙ্গে মাদক সেবনরত অবস্থায় ছাত্রদলের দুই নেতা আটকের বিষয়টি তিনি শুনেছেন। তবে ওই দুই নেতা বর্তমানে ছাত্রদলের কোনো কমিটিতে নেই। তারা সাবেক কমিটির নেতা ছিলেন। অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সোহেল আমিন হাওলাদার (৩০), উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাজীব হোসেন জোমাদ্দার (৩৮), উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. নাঈম খান (৩৩) এবং ছাত্রদলের কর্মী মো. মোনায়েম (৩৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় বেতাগী থানা-পুলিশ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাজীব হোসেন জোমাদ্দারের বাসায় অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, ছাত্রলীগের নেতাদের সঙ্গে মাদক সেবনরত অবস্থায় ছাত্রদলের দুই নেতা আটকের বিষয়টি তিনি শুনেছেন। তবে ওই দুই নেতা বর্তমানে ছাত্রদলের কোনো কমিটিতে নেই। তারা সাবেক কমিটির নেতা ছিলেন।
বেতাগী থানার ডিউটি অফিসার এএসআই নাজমুল বলেন, দুটি রাজনৈতিক দলের চার নেতাকে মাদকসহ আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের বিস্তারিত নাম-ঠিকানা যাচাই-বাছাই করা হচ্ছে।
বেতাগী থানার ওসি এনামুল হকের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয় বরগুনা পুলিশ সুপার (পিপিএম) মোহাম্মদ কুদরত-ই-খুদা বলেন, মাদক সেবনের সময় ছাত্রলীগ ও ছাত্রদলের চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। আটক চারজনের মধ্যে পূর্বের মামলার আসামিও রয়েছেন।
