কাফনের কাপড় ঝুলিয়ে ছাত্রদল নেতাকে হত্যার হুমকি, চিরকুটে যা লেখা ছিল
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পিএম
কাফনের কাপড় ঝুলিয়ে ছাত্রদল নেতাকে হত্যার হুমকি
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আমিরুল ইসলামের চেম্বারের সামনে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও প্রাণনাশের হুমকি দেওয়া একটি চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা।
চিরকুটে নিষিদ্ধ সংগঠনের স্লোগান লিখে আগামী ১৬ ডিসেম্বরের পর তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টার দিকে নেত্রকোনা শহরের সাতপাই এলাকার কেডিসি-সংলগ্ন আমিরুল ইসলামের চেম্বারের সামনে এসব সামগ্রী ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, প্লাস্টিকের সুতা দিয়ে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও চিরকুটটি ঝুলিয়ে রাখা হয়েছিল। সকালে বিষয়টি আমিরুল ইসলামকে জানানো হলে তিনি চেম্বারের সামনে যান। পরে তার সহকর্মী এবং জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন।
খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়। এ ঘটনার পর তার চেম্বার ও বাড়ির সামনে স্থানীয় লোকজন এবং দলীয় নেতাকর্মীদের ভিড় জমে।
আমিরুল ইসলাম বলেন, ‘কারা এ কাজ করেছে, তা বুঝতে পারছি না। চিরকুটে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার মা কান্নাকাটি করছেন। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা চাই।’
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, ‘বিষয়টি জানার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের রেখে যাওয়া আলামত থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
