মিয়ানমার থেকে আনা ৩ কোটি টাকার সুপারিসহ ২৫ পাচারকারী আটক
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ৭২ হাজার কেজি সুপারিসহ ২৫ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
এ সময় পাচারকাজে ব্যবহৃত তিনটি বোটও জব্দ করা হয়।
শনিবার (২৮ নভেম্বর) রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে হাতিয়া থানাধীন লাল বয়া সংলগ্ন মেঘনা নদী ও উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড স্টেশন হাতিয়া। অভিযান চলাকালে ওই এলাকায় চলাচলরত তিনটি সন্দেহজনক বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বোটগুলো থেকে বিপুল পরিমাণ অবৈধ সুপারি জব্দ করা হয়।
কোস্টগার্ডের হিসাব অনুযায়ী, জব্দকৃত ৭২ হাজার কেজি সুপারির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা। শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে এসব সুপারি দেশের অভ্যন্তরে পাচার করা হচ্ছিল। এ সময় পাচারের সঙ্গে জড়িত ২৫ জনকে হাতেনাতে আটক করা হয়।
এ বিষয়ে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, জব্দ করা সুপারি, তিনটি বোট এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের উপকূলীয় ও সমুদ্রসীমায় চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ডের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
