হাতিয়ায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম
অমিত দাস
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন।
এ ঘটনায় পেশাগত কাজে বাধা প্রদান, অসদাচরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের হুমকির অভিযোগ এনে হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার মিধ্যাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন—দেশ টিভি ও দৈনিক আমাদের সময়ের হাতিয়া প্রতিনিধি শামীমুজ্জামান শামীম এবং চ্যানেল এস ও দৈনিক খবরের কাগজের হাতিয়া প্রতিনিধি মো. হানিফ উদ্দিন সাকিব।
জিডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিধ্যাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমিত দাসের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে সরেজমিন তথ্য সংগ্রহ ও সত্যতা যাচাইয়ের জন্য বুধবার দুপুরে ওই বিদ্যালয়ে যান সাংবাদিক শামীমুজ্জামান শামীম ও মো. হানিফ উদ্দিন সাকিব।
এ সময় সহকারী শিক্ষক অমিত দাস তাদের সংবাদ সংগ্রহে বাধা দেন এবং একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল ও মারমুখী আচরণ শুরু করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বাগবিতণ্ডার একপর্যায়ে সাংবাদিকদের হাতে থাকা মোবাইল ফোন ও ট্রাইপড ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়। পাশাপাশি শিক্ষক অমিত দাস নিজের স্মার্টফোনে ভিডিও ধারণ করে সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার মিথ্যা অপবাদ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ ঘটনার পর নিজের ও সহকর্মীর নিরাপত্তার কথা বিবেচনা করে সাংবাদিক শামীমুজ্জামান শামীম হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এদিকে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, অভিযুক্ত সহকারী শিক্ষক অমিত দাসের বিরুদ্ধে এর আগেও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি হাতিয়া উপজেলার লম্বরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে একজন শিক্ষককে অনুপস্থিত অবস্থায় বেতন উত্তোলনের সুযোগ করে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া লম্বরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র দুজন শিক্ষক কর্মরত থাকা সত্ত্বেও নিয়মবহির্ভূতভাবে একজন শিক্ষককে রেখে তিনি বদলি নিয়ে মিধ্যাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।
শিক্ষাপ্রতিষ্ঠানে এমন অনিয়ম এবং তথ্য সংগ্রহে যাওয়া গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় স্থানীয় সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া ও আলোচনার সৃষ্টি হয়েছে। প্রাথমিক শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সহকারী শিক্ষক অমিত দাসের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিকের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
