‘সব গোপন তথ্য ফাঁস করে দেব’- বিএনপিতে যোগ দেওয়া সেই জামায়াত নেতা
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম
মমিন উদ্দিন
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি মমিন উদ্দিন ফেসবুক লাইভে এসে জামায়াতকে উদ্দেশ করে হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি বলেছেন, ‘তিক্ততা আর বাড়াবেন না। যদি বাড়ান, আমি আপনাদের সব গোপনীয় তথ্য-প্রমাণসহ সরাসরি গণমাধ্যমে প্রকাশ করে দেব।’
রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় চরপার্বতী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বসে ফেসবুক লাইভে তিনি এসব কথা বলেন।
লাইভে মমিন উদ্দিন বলেন, ‘আমি জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেছি, বহিষ্কার হইনি। গত জাতীয় নির্বাচনের আগেই ইস্তফা চেয়েছি। বহিষ্কারের কোনো কাগজপত্র কেউ দেখাতে পারবে না। বরং গত জাতীয় নির্বাচনের আগে একটি খাল খননের ঠিকাদারি কাজ নেন বর্তমান ইউনিয়ন জামায়াতের আমির কাজী নজরুল ইসলাম। তিনি খাল খনন কাজ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন জামায়াতের কয়েকজনকে। তারা রাতের আঁধারে খাল খননের মাটি চুরি করে বিক্রি করে দিচ্ছিল। বিষয়টি জনতা বাজার এলাকার লোকজন আমাকে জানানোর পর আমি ঘটনাস্থলে গিয়ে বাধা দিই।’
তিনি আরও বলেন, ‘তখন নজরুল ইসলাম ভাইকে ফোন দিয়ে বললাম, আপনি যাদের দায়িত্ব দিয়েছেন, তারা মাটি চুরি করে বিক্রি করছে। জবাবে তিনি আমাকে পাল্টা বললেন, তাতে তোমার কী আসে যায়? আমি বললাম, কয়েক দিন পরে জাতীয় নির্বাচন, এতে দলের বদনাম হবে। তখন তিনি বললেন, সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে? পরের দিন আমি ঘটনাস্থলে গিয়ে আমার ‘মমিন আহমেদ’ ফেসবুক আইডি থেকে লাইভ দিয়ে কাজটি বন্ধ করে দিই। পরে জামায়াতের কয়েকজন নেতার অনুরোধে ভিডিওটি ডিলিট করি।’
মমিন উদ্দিন অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় ঈদের গরুর বাজারের ইজারার টাকা নিয়েও জামায়াতের ভেতর নানা গ্রুপিং তৈরি হয়। আমি তখনো এসবের প্রতিবাদ করেছি। এখন আমাকে উল্টো অপবাদ দেওয়া হচ্ছে। আমাকে মাটিকারবারি বানিয়ে মানহানি করা হচ্ছে। এতে আমার একার নয়, আমার বর্তমান দল বিএনপিরও মানহানি হচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি, আমার বিরুদ্ধে প্রচার করা এসব অভিযোগ প্রমাণ করতে না পারলে আমি ও আমার দল মানহানির মামলা করব।
নিজের সাংগঠনিক অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, অনেকে লিখেছে আমার কারণে জামায়াতের ক্ষতি হয়েছে। তাদের বলছি, আমার কারণে জামায়াতের ক্ষতি হয়নি; বরং আমার কারণে কর্মীশূন্য ওয়ার্ড কর্মীতে ভরপুর ওয়ার্ডে পরিণত হয়েছে। আমি শিবির, যুব বিভাগ, শৃঙ্খলা ও শ্রমিক ইউনিটসহ সব ক্ষেত্রে কাজ করে দলকে শুধু দিয়েছি।
এসব অভিযোগের বিষয়ে চরপার্বতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির কাজী নজরুল ইসলাম বলেন, তার এসব কথা সত্য নয়। তিনি এখন নানা কথা বলবেন- এটাই স্বাভাবিক।
উল্লেখ্য, গত শুক্রবার (২৭ নভেম্বর) রাতে মমিন উদ্দিন উপজেলার চরপার্বতী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। তিনি চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাফেজ ইয়াসিনের ছেলে।
