পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযুক্ত যুবলীগ নেতার বাড়িতে আগুন
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার পূর্বধলায় আবু বকর রানা নামে এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত যুবলীগ নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তেরা।
শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পুটিকা এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্ত যুবলীগ নেতার বাড়িতে দুর্বৃত্তেরা আগুন দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
আহত আবু বকর রানা উপজেলার বিশকাকুনী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে পুটিকা এলাকায় আবু বকর রানার ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ হামলায় একই ইউনিয়নের যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে দুজন অংশ নেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। রফিকুল ইসলাম উপজেলার বড়রুহী গ্রামের বাসিন্দা।
হামলায় গুরুতর আহত রানাকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে যুবদল নেতার ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। রাত সাড়ে ১০টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ইউনিয়নের যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিকের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে খবর পাওয়া গেছে।
পূর্বধলা থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, যুবদল নেতার ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
