ছোট শিশু, বড় সম্ভাবনা: শুধু বেঁচে থাকা নয়, সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করাই এখন চ্যালেঞ্জ
ডা. মো. আব্দুল মান্নান
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০১ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
প্রতিটি শিশুর জন্ম একটি পরিবারের জন্য আনন্দ ও আশার সূচনা। কিন্তু কোনো শিশু নির্ধারিত সময়ের আগে জন্মগ্রহণ করলে সেই আনন্দের সঙ্গে যুক্ত হয় উদ্বেগ ও অনিশ্চয়তা। জীবন সংগ্রাম শুরু হয় জন্মের প্রথম মুহূর্ত থেকেই। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখা, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, সংক্রমণ প্রতিরোধ ও পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করতে প্রয়োজন হয় বিশেষায়িত চিকিৎসা ও নিবিড় পরিচর্যা।
প্রতিবছর ১৫ নভেম্বর পালিত হয় বিশ্ব প্রিম্যাচুরিটি দিবস। ২০২৬ সালের প্রতিপাদ্য—‘Small babies, big potential. Invest in follow-up care to protect their future!’ অর্থাৎ, ‘ছোট শিশু, বড় সম্ভাবনা—তাদের ভবিষ্যৎ সুরক্ষায় পরবর্তী পরিচর্যায় বিনিয়োগ করুন।’ এবারের প্রতিপাদ্য নবজাতক চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরেছে: অপরিণত শিশুকে বাঁচিয়ে রাখাই যথেষ্ট নয়; তার সুস্থ বৃদ্ধি, স্বাভাবিক বিকাশ ও ভবিষ্যৎ জীবনমান নিশ্চিত করাও সমান জরুরি।
অপরিণত জন্ম: বাংলাদেশের জনস্বাস্থ্য চ্যালেঞ্জ
গর্ভধারণের ৩৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগে কোনো শিশু জন্মগ্রহণ করলে তাকে অপরিণত বা প্রিম্যাচিউর শিশু বলা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতিবছর প্রায় দেড় কোটি শিশু অপরিণত অবস্থায় জন্ম নেয়। অর্থাৎ, প্রতি ১০টি শিশুর মধ্যে প্রায় একটি শিশু সময়ের আগে পৃথিবীতে আসে।
বাংলাদেশের পরিস্থিতিও বিশেষভাবে উদ্বেগজনক। ২০২০ সালের আন্তর্জাতিক গবেষণাভিত্তিক হিসাব অনুযায়ী, দেশে অপরিণত জন্মের হার প্রায় ১৬.২ শতাংশ, যা বিশ্বের সর্বোচ্চ হারগুলোর অন্যতম এবং দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। অপরিণত জন্ম নবজাতক মৃত্যুর অন্যতম প্রধান কারন। অপরিণত শিশুর ফুসফুস, মস্তিষ্ক, হৃদযন্ত্র, পরিপাকতন্ত্র ও রোগ প্রতিরোধব্যবস্থা পূর্ণাঙ্গভাবে বিকশিত হওয়ার আগেই জন্ম হয়। ফলে শ্বাসকষ্ট, সংক্রমণ, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে অক্ষমতা, মস্তিষ্কে রক্তক্ষরণ ও খাদ্য গ্রহণে সমস্যাসহ বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। সময়মতো চিকিৎসা না পেলে এসব সমস্যা শিশুর জীবন বিপন্ন করতে পারে।
জীবন রক্ষায় বাংলাদেশের অগ্রগতি
গত কয়েক দশকে বাংলাদেশে নবজাতক চিকিৎসায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্র (SCANU), নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (NICU), আধুনিক শ্বাস-প্রশ্বাস সহায়তা, সংক্রমণ নিয়ন্ত্রণ এবং ক্যাঙ্গারু মাদার কেয়ার (KMC) পদ্ধতির সম্প্রসারণ অপরিণত শিশুদের বেঁচে থাকার সম্ভাবনা বাড়িয়েছে।
ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) হলো কম ওজনের ও অপরিণত শিশুর জন্য অত্যন্ত কার্যকর একটি পরিচর্যা পদ্ধতি। এতে শিশুকে মায়ের বুকের সঙ্গে ত্বকের সরাসরি সংস্পর্শে রেখে উষ্ণতা বজায় রাখা এবং বুকের দুধ খাওয়ানো নিশ্চিত করা হয়। এটি শিশুর তাপমাত্রা নিয়ন্ত্রণ, পুষ্টি, ওজন বৃদ্ধি ও সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে।
WHO-এর তথ্য অনুযায়ী, প্রথাগত ইনকিউবেটর সেবার তুলনায় KMC দেওয়া হলে কম ওজনের নবজাতকদের মৃত্যুর ঝুঁকি প্রায় ৪০% কমে যায়। কে এমসি সেবার মাধ্যমে অপরিনত শিশুর ইনফেকশন কম হয়, তাপমাত্রা রক্ষা করতে পারে, বুকের দুধ খাওয়ার হার বাড়ে এবং ওজন বৃদ্ধি পায়। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ২০১৫ সালের এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু রয়েছে। দেশের বিভিন্ন সরকারি স্বাস্থ্যপ্রতিষ্ঠানেও কেএমসি সেবা সম্প্রসারিত হচ্ছে।
নবজাতক চিকিৎসায় এখন গুরুত্বপূর্ণ ধারণা হলো ‘Survival to Thriving’। Survival অর্থ জীবন রক্ষা করা; আর Thriving অর্থ শিশুর শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক সম্ভাবনার পূর্ণ বিকাশ নিশ্চিত করা।
অপরিণত শিশুরা হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পরও দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তির সমস্যা, বৃদ্ধি ব্যাহত হওয়া, শেখার সমস্যা এবং ভাষা ও আচরণগত বিকাশে বিলম্বের সমস্যা সহ অন্যান্য ঝুঁকিতে থাকে। অনেক সমস্যা জন্মের পরপরই বোঝা যায় না; বয়স বাড়ার সঙ্গে প্রকাশ পায়। তাই নিয়মিত ফলো-আপ অত্যন্ত জরুরি।
রেটিনোপ্যাথি অব প্রিম্যাচুরিটির (ROP)
অপরিণত শিশুর অন্ধ হওয়ার সম্ভাবনা অনেক বেশী। অপরিণত নবজাতকের চোখের একটি গুরুত্বপূর্ণ জটিলতা হলো রেটিনোপ্যাথি অব প্রিম্যাচিউরিটি (ROP)। রেটিনার রক্তনালির অস্বাভাবিক বিকাশের কারণে এ রোগ হয়। গুরুতর পর্যায়ে রেটিনা বিচ্ছিন্ন হয়ে স্থায়ী অন্ধত্ব ঘটতে পারে।
বাংলাদেশে নবজাতক চিকিৎসার উন্নতির ফলে অনেক অতি অপরিণত শিশু বেঁচে যাচ্ছে, যাদের একটি অংশ ROP-এর ঝুঁকিতে রয়েছে। নির্ধারিত সময়ে চোখ পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী লেজার বা অন্যান্য চিকিৎসা নিশ্চিত করা গেলে এ রোগজনিত অন্ধত্বের অনেক ক্ষেত্র প্রতিরোধ করা সম্ভব। তাই ঝুঁকিপূর্ণ শিশুদের জন্মের পর নির্ধারিত সময়সূচি অনুযায়ী ROP স্ক্রিনিং এবং প্রয়োজন হলে ধারাবাহিক পরীক্ষা নিশ্চিত করতে হবে।
চোখে দৃশ্যমান সমস্যা দেখা দেওয়ার অপেক্ষা করা যাবে না, কারণ প্রাথমিক পর্যায়ে সাধারণত বাইরে থেকে কোনো লক্ষণ বোঝা যায় না। সাধারণত ৩৫ সপ্তাহ এবং ২০০০ গ্রাম এবং এর কম গর্ভকালীন সময় ও ওজনের নবজাতকদের জন্মের ২০ দিন থেকে ৩০ দিনের মধ্যে ROP স্ক্রিনিং করতে হয়।
NICU-পরবর্তী ফলো-আপ: অপরিহার্য পরিচর্যা
NICU থেকে ছাড়পত্র পাওয়ার পর শিশুর চিকিৎসার দ্বিতীয় অধ্যায় শুরু হয়। অথচ আমাদের দেশে অনেক পরিবার সচেতনতার অভাব, আর্থিক সীমাবদ্ধতা ও যাতায়াতের অসুবিধার কারণে নিয়মিত ফলো-আপ করতে পারে না।
এই ফলো-আপের আওতায় কয়েকটি বিষয় নিশ্চিত করা প্রয়োজন:
১. বৃদ্ধি ও পুষ্টি: শিশুর ওজন, দৈর্ঘ্য ও মাথার পরিধি নিয়মিত পরিমাপ এবং বুকের দুধসহ প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে হবে।
২. বিকাশগত মূল্যায়ন: শিশুর ঘাড় শক্ত হওয়া, চোখে চোখ রাখা, হাসি, বসা, হাঁটা ও কথা বলার মতো মাইলস্টোন পর্যবেক্ষণ করতে হবে।
৩. চোখ ও শ্রবণশক্তি: নির্ধারিত সময় অনুযায়ী ROP স্ক্রিনিং, শ্রবণশক্তি পরীক্ষা এবং প্রয়োজনীয় পুনর্মূল্যায়ন করতে হবে।
৪. স্নায়বিক ও শারীরিক সক্ষমতা: পেশির টান, নড়াচড়া ও স্নায়বিক বিকাশ পর্যবেক্ষণ করে সমস্যা দেখা দিলে দ্রুত পুনর্বাসন ও থেরাপি শুরু করতে হবে।
৫. পরিবারের প্রশিক্ষণ: বুকের দুধ খাওয়ানো, সংক্রমণ প্রতিরোধ, টিকাদান, নিরাপদ ঘুম ও বিপদচিহ্ন শনাক্তকরণে মা-বাবাকে প্রশিক্ষণ দিতে হবে। পাশাপাশি পরিবারের মানসিক চাপের বিষয়টিও গুরুত্ব দিতে হবে।
আমাদের করণীয়: সমন্বিত জাতীয় উদ্যোগ
বাংলাদেশে অপরিণত শিশুর সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে জন্মের আগে মাতৃস্বাস্থ্য সুরক্ষা থেকে শুরু করে হাসপাতালের চিকিৎসা ও বাড়িতে দীর্ঘমেয়াদি পরিচর্যা পর্যন্ত একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তুলতে হবে।
প্রথমত, গর্ভবতী মায়ের নিয়মিত গর্ভকালীন চেকআপ, উচ্চ রক্তচাপ ও প্রি-এক্ল্যাম্পসিয়া শনাক্তকরণ, সংক্রমণের চিকিৎসা এবং পুষ্টি নিশ্চিত করে অপরিণত জন্মের ঝুঁকি কমাতে হবে।
দ্বিতীয়ত, জেলা ও বিভাগীয় পর্যায়ে মানসম্মত SCANU ও NICU সেবা, প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং প্রশিক্ষিত চিকিৎসক ও নার্সের সংখ্যা বাড়াতে হবে।
তৃতীয়ত, প্রতিটি বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্রের সঙ্গে NICU Follow-up Clinic চালু করা প্রয়োজন। সেখানে নিওনেটোলজিস্ট, শিশু বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, শ্রবণ পরীক্ষা-সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও ফিজিওথেরাপিস্টের সমন্বয়ে সেবা দিতে হবে।
চতুর্থত, ঢাকার বাইরেও ROP স্ক্রিনিং ও চিকিৎসার সুযোগ সম্প্রসারণ এবং কার্যকর রেফারেল ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
পঞ্চমত, অপরিণত শিশুর জন্ম থেকে দীর্ঘমেয়াদি বিকাশের তথ্য সংরক্ষণে জাতীয় Preterm Birth and Follow-up Registry গড়ে তুলতে হবে।
ষষ্ঠত, টেলিমেডিসিন, জেলা-উপজেলা পর্যায়ের রেফারেল ব্যবস্থা ও কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের সম্পৃক্ত করে প্রত্যন্ত অঞ্চলের পরিবারগুলোকেও ফলো-আপ সেবার আওতায় আনতে হবে।
আজকের বিনিয়োগ, আগামী দিনের সুস্থ বাংলাদেশ
একটি অতি অপরিণত শিশু জন্মের সময় হয়ত মাত্র ১০০০ গ্রাম বা এরও কম ওজনের হয়। কিন্তু তার জীবন ও ভবিষ্যতের সম্ভাবনা মোটেও ছোট নয়। যথাযথ চিকিৎসা, পুষ্টি, ভালোবাসা ও নিয়মিত পরিচর্যা পেলে এসব শিশুর অনেকেই সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবং সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।
লেখক: অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান
চেয়ারম্যান ও অধ্যাপক, নিওনেটোলজি বিভাগ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
