শিশুদের ক্যাফেইন গ্রহণে রয়েছে যে ঝুঁকি
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ক্যাফেইন গ্রহণের সঙ্গে শিশুদের কম ঘুমানো এবং মানসিক স্বাস্থ্যের বিভিন্ন সমস্যার সম্পর্ক থাকতে পারে। সম্প্রতি ৯ থেকে ১১ বছর বয়সি ৯ হাজার ৬০০-এর বেশি শিশুর ওপর পরিচালিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
গবেষণায় শিশুদের ক্যাফেইন গ্রহণের পরিমাণ, ঘুমের ধরন এবং মস্তিষ্কের স্ক্যান বিশ্লেষণ করেন গবেষকেরা। এর মাধ্যমে শিশুদের বিকাশের ওপর ক্যাফেইনের সম্ভাব্য প্রভাব বোঝার চেষ্টা করেন তারা।
বায়োলজিক্যাল সাইক্রিয়াট্রি: কগনেটিভ নিউরোসাইন্স অ্যান্ড নিউরো ইমাজিং সাময়িকীতে প্রকাশিত গবেষণার ফলাফলে দেখা যায়, যেসব শিশু বেশি ক্যাফেইন গ্রহণ করে, তাদের ঘুমের সময় তুলনামূলক কম।
গবেষণায় শিশুদের মস্তিষ্কের বাইরের স্তর সেরিব্রাল কর্টেক্সের পৃষ্ঠতলেও কিছু পার্থক্য দেখা গেছে। মস্তিষ্কের এই অংশ সিদ্ধান্ত গ্রহণ, মনোযোগ ধরে রাখা এবং আবেগ নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখে।
সপ্তাহে একদিন পানেও দেখা গেছে পার্থক্য
গবেষণায় দেখা গেছে, যেসব শিশু সপ্তাহে মাত্র একবার ক্যাফেইনযুক্ত পানীয় পান করে, তাদের মস্তিষ্কের গঠনেও কিছু পার্থক্য লক্ষ্য করা গেছে। এছাড়া বেশি ক্যাফেইন গ্রহণকারী শিশুদের মধ্যে মনোযোগ, মেজাজ ও আচরণগত সমস্যার লক্ষণও তুলনামূলক বেশি দেখা গেছে।
গবেষণায় অংশ নেওয়া শিশুদের ক্যাফেইন গ্রহণের প্রধান উৎস ছিল কোমল পানীয়। তবে চা ও কফিও ক্যাফেইনের উল্লেখযোগ্য উৎস হিসেবে চিহ্নিত হয়েছে।
গবেষণাটির জ্যেষ্ঠ লেখক ও কিংস কলেজ লন্ডনের সঙ্গে সংশ্লিষ্ট এক গবেষক বলেন, দৈনন্দিন জীবনে ক্যাফেইন এতটাই সাধারণ হয়ে উঠেছে যে শিশুরাও এটি গ্রহণ করছে—বিষয়টি অনেক সময় মানুষের নজর এড়িয়ে যায়। তিনি জানান, আগের গবেষণাগুলোতে দেখা গেছে, প্রায় দুই-তৃতীয়াংশ শিশু সপ্তাহে অন্তত একবার ক্যাফেইন গ্রহণ করে।
ক্যাফেইনের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের ওপর প্রভাব থাকলেও শিশুদের ক্যাফেইন গ্রহণের বিষয়ে এখনো পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে ওঠেনি বলেও তিনি উল্লেখ করেন।
গবেষকদের ধারণা, ক্যাফেইন গ্রহণের ফলে শিশুদের ঘুমের সময় কমে যাওয়াও মস্তিষ্কের গঠনে দেখা দেওয়া পার্থক্যের একটি কারণ হতে পারে। তবে তারা সতর্ক করে বলেছেন, এই গবেষণার ফলাফল দিয়ে প্রমাণ করা যায় না যে ক্যাফেইন সরাসরি মস্তিষ্কের গঠন পরিবর্তন করে বা মানসিক স্বাস্থ্যের সমস্যা সৃষ্টি করে।
গবেষকেরা আরও বলেন, অতিরিক্ত চিনি গ্রহণ এবং জীবনযাপনের ধরনসহ অন্যান্য বিষয়ও এসব পার্থক্যের পেছনে ভূমিকা রাখতে পারে। অর্থাৎ, গবেষণায় ক্যাফেইন গ্রহণের সঙ্গে কম ঘুম এবং মানসিক স্বাস্থ্যের কিছু লক্ষণের সম্পর্ক পাওয়া গেলেও একে সরাসরি কারণ হিসেবে দেখার সুযোগ নেই।
সূত্র: সামা টিভি

