তরুণদেরও হচ্ছে বাতের ব্যথা, তবু কাটছে না ভুল ধারণা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:০০ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বজুড়ে বাড়ছে বাতের প্রকোপ। তীব্র ব্যথা ও প্রদাহের কারণে এ রোগে আক্রান্ত ব্যক্তিদের স্বাভাবিক চলাফেরাও কঠিন হয়ে পড়ে। অথচ দীর্ঘদিন ধরে রোগটিকে অতিরিক্ত খাবার খাওয়া, মদ্যপান ও অলস জীবনযাপনের ফল হিসেবে দেখা হচ্ছে। ফলে আক্রান্ত ব্যক্তিদের অনেকেই সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ছেন এবং চিকিৎসা নিতে দেরি করছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু যুক্তরাজ্যেই প্রায় ১৬ লাখ মানুষ বাতে আক্রান্ত। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশেও মোট জনসংখ্যার ২ থেকে ৪ শতাংশ এ রোগে ভুগছেন।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, এক ধরনের প্রদাহজনিত রোগ বাত। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে শরীরের বিভিন্ন অস্থিসন্ধিতে সূক্ষ্ম স্ফটিক জমতে পারে। এসব স্ফটিকের কারণে রোগ প্রতিরোধব্যবস্থা সক্রিয় হয়ে প্রদাহ, লালচে ভাব ও তীব্র ব্যথা তৈরি করে। দীর্ঘদিন চিকিৎসা না হলে ত্বকের নিচে ইউরেট স্ফটিক জমে শক্ত গুটিও তৈরি হতে পারে।
চিকিৎসকদের মতে, সাধারণত পায়ের বুড়ো আঙুলে প্রথম ব্যথা শুরু হয়। তবে ধীরে ধীরে পায়ের অন্যান্য অস্থিসন্ধি, গোড়ালি, হাঁটু, হাত, কবজি ও কনুইয়েও ছড়িয়ে পড়তে পারে। অনেক ক্ষেত্রে রাতের বেলায় হঠাৎ ব্যথা শুরু হয়। সকালে ঘুম থেকে উঠে আক্রান্ত ব্যক্তি পা মাটিতে রাখতেও পারেন না।
যুক্তরাজ্যের রিউমাটোলজি বিশেষজ্ঞ অধ্যাপক এডওয়ার্ড রডির মতে, বাতের ব্যথা এতটাই তীব্র হতে পারে যে অনেক রোগী একে হাড় ভাঙা, কিডনিতে পাথর কিংবা হৃদরোগের ব্যথার সঙ্গে তুলনা করেন।
বাত সাধারণত বয়স্কদের মধ্যে বেশি দেখা গেলেও তরুণদেরও এ রোগ হতে পারে। যুক্তরাজ্যের আর্থ্রাইটিস ইউকের গবেষণা পরিচালক লুসি ডোনাল্ডসনের মতে, সাম্প্রতিক সময়ে কম বয়সীদের মধ্যে বাতের লক্ষণ দেখা দেওয়ার খবরও পাওয়া যাচ্ছে।
বিশেষজ্ঞদের ধারণা, ২০২০ থেকে ২০৫০ সালের মধ্যে বিশ্বে বাতে আক্রান্তের হার ৭০ শতাংশ বাড়তে পারে। জনসংখ্যা বৃদ্ধি ও মানুষের গড় আয়ু বেড়ে যাওয়াকে এর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। পুরুষদের মধ্যে এ রোগের প্রবণতা নারীদের তুলনায় প্রায় তিন গুণ বেশি। তবে বংশগত বৈশিষ্ট্য ও কিছু জনগোষ্ঠীর জিনগত প্রবণতাও এ রোগের ঝুঁকি বাড়াতে পারে।
বাত নিয়ে সামাজিক নেতিবাচক ধারণার পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। অতীতে ইউরোপে একে বিত্তশালী ও বিলাসী জীবনযাপনকারীদের রোগ হিসেবে বিবেচনা করা হতো। অতিরিক্ত মাংস খাওয়া, মদ্যপান ও অলস জীবনযাপনের সঙ্গে রোগটিকে যুক্ত করা হয়েছিল। সেই ধারণার প্রভাব এখনো সমাজে রয়ে গেছে।
বাতে আক্রান্ত ব্রেট ম্যাকঅ্যালিস্টার-বাইর্ন জানান, ত্রিশের দশকের শুরুতে প্রথম তার গোড়ালি ও পায়ের বুড়ো আঙুলে তীব্র ব্যথা শুরু হয়। প্রথমে ফুটবল খেলার কারণে আঘাত পেয়েছেন বলে মনে করেছিলেন। পরে পরিবারের সদস্যরা বাতের কথা বললে তিনি অবাক হয়ে যান। কারণ, এত কম বয়সে এ রোগ হতে পারে বলে তার ধারণা ছিল না।
তিনি বলেন, মানুষ প্রায়ই অতিরিক্ত রেড ওয়াইন পান ও লাল মাংস খাওয়ার ফল বলে মন্তব্য করে। অথচ তিনি মূলত নিরামিষভোজী এবং নিয়মিত মদ্যপানও করেন না। তার ধারণা, বাবার কাছ থেকে বংশগতভাবে বাত রোগটি পেয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত ইউরিক অ্যাসিড বাতের ঝুঁকি বাড়ালেও রক্তে ইউরিক অ্যাসিড বেশি থাকলেই সবার এ রোগ হয় না। এর পেছনে জিনগত বৈশিষ্ট্য, খাদ্যাভ্যাস, স্থূলতা, হৃদরোগ ও কিডনির কার্যকারিতাসহ বিভিন্ন বিষয় কাজ করে।
খাদ্যাভ্যাসের ক্ষেত্রে অ্যালকোহল, লাল মাংস ও সামুদ্রিক খাবার ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে। বিশেষ করে বিয়ারে থাকা গুয়ানোসিন নামের উপাদান শরীরে ইউরেট তৈরিতে ভূমিকা রাখে। তবে শুধু খাবার নিয়ন্ত্রণ করে বাতের পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে বিশেষজ্ঞদের মত।
বাতের চিকিৎসায় ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সিলেন্সের (নাইস) নির্দেশনা অনুযায়ী, যাদের বারবার বাতের আক্রমণ হয়, তাদের ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ দেওয়া উচিত। এ ক্ষেত্রে অ্যালোপিউরিনল সবচেয়ে প্রচলিত ওষুধ। ফিবুক্সোস্ট্যাটও ব্যবহার করা হয়।
চিকিৎসার লক্ষ্য হলো রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা প্রতি লিটারে ৩৬০ মাইক্রোমোলের নিচে রাখা। এতে নতুন করে স্ফটিক জমা বন্ধ হয় এবং অস্থিসন্ধিতে আগে থেকে জমে থাকা স্ফটিক ধীরে ধীরে গলে যেতে পারে। ফলে ভবিষ্যতে ব্যথার আক্রমণ প্রতিরোধ করা সম্ভব।
তবে চিকিৎসার ক্ষেত্রে বড় সমস্যা হলো, ব্যথা কমে গেলে অনেক রোগী ওষুধ খাওয়া বন্ধ করে দেন বা নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেন না। আবার অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় মাত্রায় ওষুধ দেওয়া হলেও ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়মিত পরীক্ষা করা হয় না।
ম্যাকঅ্যালিস্টার-বাইর্ন জানান, চলতি বছরের শুরুতে অ্যালোপিউরিনল সেবন শুরু করার পর থেকে তার আর বাতের আক্রমণ হয়নি। এতে রোগটি নিয়ন্ত্রণে থাকলেও ভবিষ্যতে ওষুধের সরবরাহ বন্ধ হয়ে গেলে আবারও অসহ্য ব্যথায় পড়তে পারেন বলে তার আশঙ্কা রয়েছে।
