Logo
Logo
×

Advertisement

ডাক্তার আছেন

প্লাস্টিকে মোড়ানো খাবার কি শিশুর জন্য বিপজ্জনক?

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:১৫ পিএম

প্লাস্টিকে মোড়ানো খাবার কি শিশুর জন্য বিপজ্জনক?

ছবি: সংগৃহীত

Advertisement

খাবার সংরক্ষণের প্লাস্টিক প্যাকেজিংয়ে ব্যবহৃত নতুন প্রজন্মের একটি রাসায়নিক শিশুর জন্মকালীন ওজন কমিয়ে দিতে পারে। এমনকি গর্ভে শিশুর স্বাভাবিক বিকাশেও জটিলতা তৈরি করতে পারে এটি। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে নিরাপদ বিকল্প হিসেবে ব্যবহৃত রাসায়নিকটির নাম ডিআইএনসিএইচ। তবে নতুন এক গবেষণায় এর সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকির বিষয়টি উঠে এসেছে।

শনিবার (৭ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিউইয়র্ক ইউনিভার্সিটির (এনওয়াইইউ) গবেষকদের পরিচালিত এই গবেষণায় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিষয়ক তথ্য বিশ্লেষণ করা হয়েছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞানভিত্তিক সাময়িকী এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল-এ।

গবেষণায় দেখা গেছে, গর্ভবতী নারীদের শরীরে ডিআইএনসিএইচ রাসায়নিকের উপস্থিতি নবজাতকের কম ওজন নিয়ে জন্মানোর ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। এ রাসায়নিকের সংস্পর্শ যত বাড়ে, শিশুর গর্ভকালীন বয়সের তুলনায় স্বাভাবিকের চেয়ে ছোট হওয়ার আশঙ্কাও তত বাড়ে।

গবেষকেরা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের (এনআইএইচ) ‘এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্সেস অন চাইল্ড হেলথ আউটকামস’ কর্মসূচির আওতায় সংগৃহীত ছয় হাজার ৬০০টির বেশি গর্ভধারণের তথ্য বিশ্লেষণ করেন। এতে দেখা যায়, প্রায় ৭০ শতাংশ নারীর প্রস্রাবে ডিআইএনসিএইচের উপস্থিতি পাওয়া গেছে।


গবেষণার ফল অনুযায়ী, শরীরে এই রাসায়নিকের মাত্রা ১০ গুণ বাড়লে নবজাতকের জন্মকালীন ওজন গড়ে ২৭ গ্রাম কমতে পারে। পাশাপাশি গর্ভকালীন বয়স অনুযায়ী সবচেয়ে কম ওজনের ১০ শতাংশ শিশুর দলে পড়ার ঝুঁকিও বেড়ে যায়।

সাধারণত একটি নবজাতকের গড় ওজন প্রায় তিন হাজার ৪০০ গ্রাম। গবেষকদের মতে, গর্ভে শিশুর বৃদ্ধি বাধাগ্রস্ত হলে পরবর্তী সময়ে হৃদ্রোগ, স্থূলতা ও শেখার ক্ষেত্রে জটিলতার ঝুঁকি বাড়তে পারে। এসব সমস্যার প্রভাব কৈশোর থেকে প্রাপ্তবয়স্ক জীবন পর্যন্ত বিস্তৃত হতে পারে।

গবেষণায় আরও দেখা গেছে, হিস্পানিক জনগোষ্ঠীর মা এবং তুলনামূলক কম শিক্ষিত নারীদের সন্তানদের ক্ষেত্রে এ রাসায়নিকের সঙ্গে সম্পর্কিত ঝুঁকি বেশি ছিল।

কোথায় পাওয়া যায় এই রাসায়নিক

ডিআইএনসিএইচের পূর্ণ রাসায়নিক নাম ১,২-সাইক্লোহেক্সেন ডাইকার্বক্সিলিক অ্যাসিড ডাইআইসোনোনাইল এস্টার। প্লাস্টিককে নমনীয় ও টেকসই করতে এটি ব্যবহার করা হয়। খাবারের প্যাকেজিং ছাড়াও রান্নাঘরের ক্লিং ফিল্ম, প্লাস্টিকের ওয়াইন কর্ক, শিশুদের খেলনা, চিকিৎসাসামগ্রী, কিছু বস্ত্র ও মেঝের উপকরণে এর ব্যবহার রয়েছে।

আগে প্লাস্টিকজাত পণ্যে ফথালেট নামের এক ধরনের রাসায়নিক ব্যাপকভাবে ব্যবহৃত হতো। কিন্তু এসব রাসায়নিকের সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সামনে আসার পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থাগুলো এ নিয়ে বিধিনিষেধ আরোপ শুরু করে। এরপর বিকল্প হিসেবে ডিআইএনসিএইচের ব্যবহার বাড়তে থাকে।

রাসায়নিকটির প্রস্তুতকারকদের দাবি ছিল, এটি তুলনামূলক নিরাপদ বিকল্প। তবে নতুন গবেষণায় সেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

গবেষকদের আগের কিছু প্রাণী ও মানবকোষভিত্তিক গবেষণায় দেখা গেছে, ডিআইএনসিএইচ ভেঙে তৈরি হওয়া উপাদান গর্ভবতী নারীর হরমোনের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে। এর ফলে শিশুর বিকাশে প্রভাব পড়ার পাশাপাশি শরীরে প্রদাহ তৈরি হতে পারে। এতে গর্ভের শিশুর কাছে পুষ্টি ও অক্সিজেন পৌঁছানোর প্রক্রিয়াও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

নিরাপদ বিকল্প নিয়েও উদ্বেগ

গবেষণাটির অন্যতম প্রধান লেখক ও নিউইয়র্ক ইউনিভার্সিটির অধ্যাপক লিওনার্দো ট্রাসান্দে বলেন, সাধারণ মানুষের ব্যাপক সংস্পর্শে আসার আগেই রাসায়নিকের নিরাপত্তা যথাযথভাবে পরীক্ষা করা উচিত।

তার মতে, নতুন গবেষণার ফল রাসায়নিকের একটি পরিচিত সমস্যার দিকে ইঙ্গিত করছে। কোনো ক্ষতিকর রাসায়নিকের পরিবর্তে নতুন উপাদান ব্যবহার শুরু হলেও সেটির স্বাস্থ্যঝুঁকি আগেরটির মতো হতে পারে। অথচ নতুন রাসায়নিক বাজারে আসার পর এর নিরাপত্তা নিয়ে গবেষণা শুরু হয়।

এ ধরনের ঘটনাকে গবেষকেরা ‘রিগ্রেটেবল সাবস্টিটিউশন’ বা অনুশোচনামূলক বিকল্প ব্যবহার বলে অভিহিত করেন। এর আগে ক্ষতিকর পিএফএএস রাসায়নিকের বিকল্প হিসেবে জেনএক্স ব্যবহারের ক্ষেত্রেও একই ধরনের উদ্বেগ তৈরি হয়েছিল।

সুইজারল্যান্ডভিত্তিক ফুড প্যাকেজিং ফোরামও ডিআইএনসিএইচের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, খাবারের প্যাকেজিং থেকে রাসায়নিকটি খাদ্যে মিশে যেতে পারে। ইউরোপের মানুষের শরীরে এর উপস্থিতিও গত কয়েক দশকে বেড়েছে বলে বিভিন্ন গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে।

গবেষকদের মতে, বাজারে ছাড়ার আগেই খাদ্য প্যাকেজিং ও গৃহস্থালি পণ্যে ব্যবহৃত রাসায়নিকের স্বাস্থ্যঝুঁকি পরীক্ষা বাধ্যতামূলক করা প্রয়োজন। জাতিসংঘের চলমান প্লাস্টিকবিষয়ক চুক্তি আলোচনার মধ্য দিয়ে এ ধরনের নিয়ন্ত্রণ জোরদারের সুযোগ রয়েছে।

ঝুঁকি কমাতে কী করবেন

গবেষকেরা প্লাস্টিকের সংস্পর্শ যতটা সম্ভব কমানোর পরামর্শ দিয়েছেন। বিশেষ করে খাবার সংরক্ষণের ক্ষেত্রে কাচের পাত্র ব্যবহার করা যেতে পারে। বাজার থেকে খাবার কেনার সময় প্লাস্টিকের পরিবর্তে কাচের প্যাকেজিংয়ে থাকা পণ্য বেছে নেওয়া এবং রান্নাঘরে কাচ বা কাঠের তৈরি পাত্র ও সরঞ্জাম ব্যবহারের পরামর্শ দিয়েছেন তাঁরা।

শিশুদের খেলনা ও পোশাক কেনার ক্ষেত্রেও প্লাস্টিকজাত উপাদানের ব্যবহার সম্পর্কে সতর্ক থাকার কথা বলা হয়েছে।

তবে গবেষণাটি ডিআইএনসিএইচের সংস্পর্শ ও নবজাতকের কম ওজনের মধ্যে সম্পর্ক তুলে ধরেছে; সরাসরি কারণ-প্রমাণ প্রতিষ্ঠা করেনি। এ রাসায়নিকের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যপ্রভাব সম্পর্কে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তরুণদেরও হচ্ছে বাতের ব্যথা, তবু কাটছে না ভুল ধারণা

তরুণদেরও হচ্ছে বাতের ব্যথা, তবু কাটছে না ভুল ধারণা

প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে স্বাস্থ্য খাতের দুর্নীতি

বাংলাদেশ হেলথ ওয়াচের প্রতিবেদন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে স্বাস্থ্য খাতের দুর্নীতি

ফ্যাটি লিভার ঠেকাতে প্রতিদিনের খাবারে যে পরিবর্তন জরুরি

ফ্যাটি লিভার ঠেকাতে প্রতিদিনের খাবারে যে পরিবর্তন জরুরি

থাইরয়েড রোগের ১০ লক্ষণ, অবহেলা করলে হতে পারে যে বিপদ

থাইরয়েড রোগের ১০ লক্ষণ, অবহেলা করলে হতে পারে যে বিপদ

ভাত খাওয়া কি সত্যিই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কতটুকু খাবেন?

ভাত খাওয়া কি সত্যিই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কতটুকু খাবেন?

শীত এলেই যে ৪ ভুল ধারণায় বিশ্বাস করেন অনেকে

শীত এলেই যে ৪ ভুল ধারণায় বিশ্বাস করেন অনেকে

আরও পড়ুন

হিজাব বা হেলমেট পরার সঙ্গে কি চুল পড়ার কোনো সম্পর্ক আছে?

হিজাব বা হেলমেট পরার সঙ্গে কি চুল পড়ার কোনো সম্পর্ক আছে?

প্লাস্টিকে মোড়ানো খাবার কি শিশুর জন্য বিপজ্জনক?

প্লাস্টিকে মোড়ানো খাবার কি শিশুর জন্য বিপজ্জনক?

তরুণদেরও হচ্ছে বাতের ব্যথা, তবু কাটছে না ভুল ধারণা

তরুণদেরও হচ্ছে বাতের ব্যথা, তবু কাটছে না ভুল ধারণা

ছোট শিশু, বড় সম্ভাবনা: শুধু বেঁচে থাকা নয়, সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করাই এখন চ্যালেঞ্জ

ছোট শিশু, বড় সম্ভাবনা: শুধু বেঁচে থাকা নয়, সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করাই এখন চ্যালেঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম