যুক্তরাষ্ট্র থেকে গম কিনতে গুনতে হবে বাড়তি ১৯৫ কোটি টাকা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:১০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্র থেকে সরকার টু সরকার (জিটুজি) পর্যায়ে ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করবে সরকার। তবে গত বছরের তুলনায় এবার গম কিনতে বাড়তি প্রায় ১৯৫ কোটি টাকা ব্যয় করতে হবে।
এক বছরের ব্যবধানে প্রতি টন গমের দাম বেড়েছে ৩৫ দশমিক ৫০ মার্কিন ডলার বা ১১ দশমিক ৩৭ শতাংশ।
গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র থেকে প্রতি টন গম ৩১২ দশমিক ২৫ ডলারে কিনেছিল সরকার। এবার একই দেশ থেকে প্রতি টন গম কেনা হচ্ছে ৩৪৭ দশমিক ৭৫ ডলারে।
খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, এবার ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে। এই পরিমাণ গমের ক্ষেত্রে শুধু দরবৃদ্ধির কারণে অতিরিক্ত ব্যয় হবে প্রায় ১৯৫ কোটি টাকা।
বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে গম আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে প্রয়োজনে মূল পরিমাণের সঙ্গে আরও ১০ শতাংশ বা ৪৪ হাজার টন গম কেনার সুযোগ রাখা হয়েছে। সে ক্ষেত্রে সব মিলিয়ে আমদানির পরিমাণ দাঁড়াতে পারে ৪ লাখ ৮৪ হাজার টন। তবে অতিরিক্ত গম কেনা হলে একই দর প্রযোজ্য হবে কি না, তা নিশ্চিত করে জানাতে পারেননি খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা।
এ গম সরবরাহ করবে যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েটসের অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড।
এর আগে গত বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্র থেকে প্রথম দফায় ২ লাখ ২০ হাজার টন গম কেনার চুক্তি হয় টনপ্রতি ৩০২ দশমিক ৭৫ ডলারে। দ্বিতীয় দফায় একই পরিমাণ গম কেনা হয় ৩০৮ ডলারে। পরে ডিসেম্বরে তৃতীয় দফায় আরও ২ লাখ ২০ হাজার টন গম কেনার অনুমোদন দেওয়া হয় ৩১২ দশমিক ২৫ ডলারে।
অর্থাৎ গত বছরের তিন দফা ক্রয়েই গমের দাম ধারাবাহিকভাবে বেড়েছে। এবার সেই দাম আরও বেড়ে টনপ্রতি ৩৪৭ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে। গত বছরের জুলাইয়ের প্রথম দফার তুলনায় এবার প্রতি টনে ৪৫ ডলার বা প্রায় ১৫ শতাংশ বেশি ব্যয় করতে হচ্ছে।
জ্বালানি তেল আমদানিতে ৮ হাজার কোটি টাকা
এদিকে আগামী বছরের প্রথম ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা। চারটি প্যাকেজের আওতায় ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন আমদানি করা হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে এসব জ্বালানি তেল আমদানি করা হবে। এর মধ্যে তিনটি প্যাকেজের জ্বালানি তেল সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেড। অন্য প্যাকেজে অকটেন সরবরাহ করবে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।
আমদানি করা জ্বালানি তেলের মধ্যে রয়েছে ১ লাখ ৫০ হাজার টন ডিজেল, ৩ লাখ ৫০ হাজার টন ফার্নেস অয়েল এবং ১ লাখ ২৫ হাজার টন অকটেন।
বিপিসির প্রস্তাব অনুযায়ী, প্যাকেজ পিজি-০৩-এর আওতায় ৬০ হাজার টন গ্যাস অয়েল বা ডিজেল আমদানিতে ব্যয় হবে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। প্রতি ব্যারেলে প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ১৬ দশমিক ৯৩ ডলার।
এ প্যাকেজে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। সবকটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়। যাচাই-বাছাই শেষে সর্বনিম্ন দরদাতা হিসেবে ট্রাফিগুরাকে নির্বাচন করা হয়েছে।
বৈঠকে আরও যেসব প্রস্তাব অনুমোদন
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে ১২৬ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া কানাডা, সৌদি আরব ও কাফকো থেকে ৫৪৩ কোটি টাকার সার কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। চট্টগ্রাম-দোহাজারী রেলপথ ডুয়েল গেজে রূপান্তরের কাজ করবে চীনা প্রতিষ্ঠান।
টিসিবির জন্য ১৮২ কোটি টাকার চিনি ও মসুর ডাল কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি কর্ণফুলী টানেল (আনোয়ারা) থেকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়নে ১৬৮ কোটি ১ লাখ ৩৩ হাজার ৯৩০ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
