অমিতাভ বচ্চনের আত্মীয় সাইফ, জানতেন না নিজেও
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সম্প্রতি ‘কন বানেগা ক্রোড়পতি’ (কেবিসি) শোয়ে নিজেদের আসন্ন ক্রাইম থ্রিলার ‘হাইওয়ান’ সিনেমার প্রচারে এসেছিলেন সাইফ আলি খান ও অক্ষয় কুমার। এই শো চলাকালীন সাইফ প্রথমবারের মতো জানতে পারেন, বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন সম্পর্কে তার আত্মীয় হন। অথচ তিনি নিজেই বিষয়টি জানতেন না।
শোয়ে উপস্থাপক অমিতাভ বচ্চন হঠাৎ জানান যে, সাইফ সম্পর্কে তার আত্মীয় হন। বিগ বি-র মুখে এমন কথা শুনে এ অভিনেতা তো বটেই, অক্ষয় কুমার ও উপস্থিত দর্শকরাও অবাক হয়ে যান।
কিন্তু হঠাৎ কীভাবে তাদের এই আত্মীয়তার সম্পর্ক তৈরি হলো? এ প্রসঙ্গে অমিতাভ বুঝিয়ে বলেন যে, এই সম্পর্কটি মূলত তাদের পরিবারের বৈবাহিক সূত্রের মাধ্যমে তৈরি হয়েছে। রাজ কাপুরের মেয়ে ঋতু কাপুরের ছেলে নিখিল নন্দার সঙ্গে বিয়ে হয়েছে অমিতাভের মেয়ে শ্বেতা বচ্চনের।
অন্যদিকে, রাজ কাপুরের ছেলে রণধীর কাপুর ও ববিতার মেয়ে কারিনা কাপুরকে বিয়ে করেছেন সাইফ আলি খান। সেই সুবাদে কারিনা ও নিখিল নন্দা হলেন আপন খালাতো ভাই-বোন।
কারিনার মাধ্যমেই সাইফের পতৌদি-ঠাকুর পরিবার কাপুর পরিবারের সঙ্গে যুক্ত হয়েছে এবং নিখিলের সঙ্গে শ্বেতার বিয়ের সূত্রে তা বচ্চন পরিবারের সঙ্গেও মিলে গেছে।
এই চাঞ্চল্যকর তথ্য জানানোর পর অমিতাভ বচ্চন মজা করে সাইফকে প্রশ্ন করেন, ‘তাহলে এখন আমার জানা দরকার, আমি কারিনাকে কী বলে ডাকব? আর কারিনাও বা আমাকে কী বলে ডাকবে?’ উত্তরে সাইফ রসিকতা করে বলেন, ‘ভগবানকে ধন্যবাদ যে এটা কেবিসি-র স্ক্রিনের কোনো প্রশ্ন নয়!’ সাইফের এমন কথায় হেসে ওঠেন অমিতাভ ও অক্ষয় দুজনেই।
উল্লেখ্য, আগামী ১১ সেপ্টেম্বর মুক্তি পেতে চলা ‘হাইওয়ান’ সিনেমাটি পরিচালনা করেছেন প্রিয়দর্শন, যা তার ২০১৬ সালের মালায়লাম হিট ছবি ‘ওপ্পাম’-এর হিন্দি রিমেক।
এর আগেও অমিতাভ বচ্চন ও কারিনা কাপুর ‘কাভি খুশি কাভি গাম’, ‘দেব’ এবং ‘সত্যগ্রহ’ সিনেমার মতো জনপ্রিয় ছবিতে একসঙ্গে কাজ করেছেন।
অন্যদিকে, অমিতাভ ও সাইফকেও ‘একলাভ্য’ এবং ‘সংরক্ষণ’-এর মতো সিনেমায় একসঙ্গে দেখা গেছে। সব মিলিয়ে বিনোদন দুনিয়ায় তারকাদের এই ধরনের পারিবারিক ও পেশাগত যোগসূত্র সবসময়ই ভক্তদের মাঝে দারুণ কৌতূহল তৈরি করে।
সূত্র: সামা টিভি

