প্রেমের গুঞ্জন থেকে বিচ্ছেদ—শুভশ্রীকে নিয়ে এবার মুখ খুললেন দেব
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নতুন সিনেমা ‘দেশু ৭’। ছবিটির টিজার ও প্রথম গান ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়াও মিলেছে। তবে সিনেমার প্রচারের চেয়ে দেব-শুভশ্রীর ব্যক্তিগত সম্পর্ক, বিচ্ছেদ ও ডিভোর্স নিয়ে আলোচনা বেশি হওয়ায় কিছুটা বিরক্ত অভিনেতা দেব।
সম্প্রতি কলকাতায় একটি স্যালোন উদ্বোধনের অনুষ্ঠানে এ প্রসঙ্গে কথা বলেন তিনি। দেব জানান, একসময় শুভশ্রীর সঙ্গে তার সম্পর্ক ছিল, তবে বর্তমানে তারা ভালো বন্ধু। কিন্তু তাদের নিয়ে নানা ধরনের আলোচনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে রিল তৈরির কারণে এখন প্রকাশ্যে স্বাভাবিকভাবে কথাবার্তা বলতেও অস্বস্তি হয়।
দেবের ভাষায়, কোনো অনুষ্ঠানে শুভশ্রীকে স্বাভাবিকভাবে আলিঙ্গন করলেও সেটি নিয়ে নানা ধরনের রিল তৈরি হচ্ছে। ফলে তারা চাইলেও আর আগের মতো স্বাভাবিক আচরণ করতে পারছেন না।
এ কারণেই ‘দেশু ৭’-এর প্রচারে দুজনকে খুব বেশি একসঙ্গে দেখা যাচ্ছে না বলেও জানান দেব। তার মতে, প্রচারে বের হলেই সিনেমার বিষয়বস্তুর পরিবর্তে উঠে আসছে তাদের পুরোনো সম্পর্ক, বিচ্ছেদ কিংবা ডিভোর্সের প্রসঙ্গ। এতে ছবিটির মূল আকর্ষণগুলো আড়ালে পড়ে যাচ্ছে।
দেব বলেন, ‘দেশু ৭’ নিয়ে আলোচনা হওয়ার বদলে সবাই তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলছে। অথচ এই সিনেমার মাধ্যমে তিনি প্রথমবার পরিচালনায় এসে বড় পরিসরে একটি ভিন্নধর্মী কাজ করেছেন। এমনকি লাদাখে বাংলা সিনেমার শুটিংয়ের বিষয়টিও সেভাবে আলোচনায় আসছে না বলে আক্ষেপ করেন তিনি।
দেবের মতে, চাইলে শুধু শুভশ্রীকে কেন্দ্র করে ১২-১৫ দিনের শুটিং করেই একাধিক সিনেমা তৈরি করা সম্ভব ছিল। দর্শকদের মধ্যে তাদের জুটিকে ঘিরে যে আগ্রহ রয়েছে, তাতে সেই ছবিগুলো ব্যবসায়িক সাফল্যও পেতে পারত। কিন্তু তিনি সেই সহজ পথ বেছে নেননি।
বরং ‘ধূমকেতু’-র পর দর্শক দেব-শুভশ্রীকে যেভাবে পর্দায় দেখতে চেয়েছেন, সেই প্রত্যাশা ও দর্শকের আগ্রহ নিয়ে গবেষণা করেই ‘দেশু ৭’-এর গল্প ও চিত্রনাট্য তৈরি করা হয়েছে বলে জানান দেব।
দেবের প্রথম পরিচালিত এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক ও লোকনাথ দে। টিজারে ছবির অ্যাকশন দৃশ্য যেমন নজর কেড়েছে, তেমনি দেব-শুভশ্রীর রোমান্সও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
পূজায় মুক্তির আগেই সিনেমাটির গোল্ডেন টিকিট বিক্রি হয়ে যাওয়ায় ‘দেশু ৭’ নিয়ে দর্শকদের প্রত্যাশা যে যথেষ্ট বেশি, সেটিও স্পষ্ট হয়েছে।

