ফেসবুকে জোভান
মানুষ কখনোই সত্যের পাশে দাঁড়ায় না
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০১:০২ পিএম
ফারহান আহমেদ জোভান। ছবি: অভিনেতার ফেসবুক থেকে
|
ফলো করুন |
|
|---|---|
সব জল্পনার অবসান ঘটিয়ে অভিনয়ে ফেরার জোরালো আভাস দিলেন ছোটপর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান। হুট করেই সামাজিক মাধ্যম ফেসবুকে সম্পূর্ণ ভিন্ন এক অবয়বে হাজির হয়ে ভক্তদের রীতিমতো চমকে দিয়েছেন এই তারকা। সঙ্গে অভিনেতার আরেকটি ফেসবুক পোস্ট জন্ম দিয়েছে আলোচনার।
গত কয়েক মাস ধরে নতুন কোনো প্রজেক্টের খবরে না থাকায় দর্শকের মনে প্রশ্ন ছিল—কোথায় হারিয়ে গেলেন জোভান? ভক্তদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার একদম নতুন লুকে ধরা দিলেন তিনি।
প্রকাশিত ছবিগুলোতে জোভানকে তার চিরাচরিত রোমান্টিক রূপের বাইরে বেশ পরিণত ও ব্যতিক্রমী এক অবতারে দেখা গেছে। ভক্ত-অনুরাগীরা বলছেন, পর্দায় তার এই ফেরাটা দারুণ কিছু হতে যাচ্ছে।
এদিকে নতুন লুকের রেশ কাটতে না কাটতেই বুধবার (১১ নভেম্বর) রাতে ফেসবুকে আরও একটি রহস্যময় ও গভীর জীবনমুখী পোস্ট দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই অভিনেতা।
নিজের একগুচ্ছ ছবি শেয়ার করে পোস্টের ক্যাপশনে জোভান লিখেছেন, ‘মানুষ কখনোই সত্যের পাশে দাঁড়ায় না। তারা শুধু দেখে কার সঙ্গে সম্পর্ক ভালো রাখলে তাদের বেশি লাভ হবে।’
জোভানের এই বাস্তবমুখী বাণী মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের অনেকেই তার এই কথার সঙ্গে একমত পোষণ করে কমেন্টবক্সে নিজেদের মতামত জানিয়েছেন।
এক অনুরাগী লিখেছেন, ‘আমাদের সত্য কথা বলার সৎ সাহস অর্জন করতে হবে ভাই।’ আরেকজন লিখেছেন, ‘আসলেই মাঝে মধ্যে আপনি দারুণ কিছু সত্য তুলে ধরেন আমাদের মাঝে।’
উল্লেখ্য, এর আগে জাকারিয়া সৌখিনের পরিচালনায় ‘কাজল চোখের মেয়ে’ নাটকে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছিলেন জোভান। এবার নতুন লুক এবং এই রহস্যময় বার্তার পর তার পরবর্তী কাজ নিয়ে আগ্রহী ভক্ত-অনুরাগীরা।

