সেতুর নিচে মিলেছিল তিন্নির লাশ, ২৩ বছর পরও অমীমাংসিত প্রশ্ন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
২০০২ সালের ১০ নভেম্বর রাজধানীর বুড়িগঙ্গার বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১-এর নিচে উদ্ধার হয়েছিল মডেল ও অভিনেত্রী সৈয়দা তানিয়া মাহবুব তিন্নির লাশ। প্রথমে পরিচয়হীন নারী হিসেবে তাকে দাফন করা হলেও পরে পত্রিকায় প্রকাশিত ছবি দেখে পরিবারের সদস্যরা তার পরিচয় শনাক্ত করেন। ঘটনাটি তখন দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
দীর্ঘ তদন্ত ও বিচারপ্রক্রিয়া শেষে ২০২৫ সালের ১৪ জানুয়ারি এ হত্যা মামলার একমাত্র আসামি সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে খালাস দিয়েছেন আদালত। তবে তিন্নির মৃত্যুর রহস্য ও বিচারপ্রাপ্তির প্রশ্ন এখনো আলোচনায় রয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) তিন্নির মৃত্যুর ২৪ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে আবারও আলোচনায় এসেছে বিজ্ঞাপনের মাধ্যমে পরিচিতি পাওয়া এই তরুণীর জীবন, স্বপ্ন ও মর্মান্তিক পরিণতি। অল্প সময়ের কর্মজীবনে মডেলিংয়ের পাশাপাশি নাটকে অভিনয় করেছিলেন তিনি। চলচ্চিত্রে কাজের জন্য চুক্তিবদ্ধও হয়েছিলেন। কিন্তু বড় পর্দায় অভিষেকের আগেই থেমে যায় তার পথচলা।
১৯৯৯ সালে র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে বিনোদনজগতে যাত্রা শুরু করেন তিন্নি। একটি প্রসাধন পণ্যের টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করে পরিচিতি পান। এরপর বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে কাজের পাশাপাশি টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। পরিচালক বাদল খন্দকারের একটি চলচ্চিত্রেও চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই ছবিতে অভিনয় করা হয়নি।
ব্যক্তিজীবনে শাফকাত হোসেন পিয়ালকে বিয়ে করেছিলেন তিন্নি। তাদের সংসারে একটি কন্যাসন্তান জন্ম নেয়। পরে তাদের সম্পর্কের অবসান ঘটে। নিজের চাচা সৈয়দ রেজাউল করিমকে বাবা বলে ডাকতেন তিনি। চাচাও তাকে মেয়ের মতো স্নেহ করতেন। মৃত্যুর পর তিন্নির লাশ শনাক্ত করার কঠিন দায়িত্বও পালন করতে হয় এই চাচাকে।
যেভাবে উদ্ধার হয় লাশ
২০০২ সালের ১০ নভেম্বর সন্ধ্যার পর নিখোঁজ হন তিন্নি। ওই রাতেই বুড়িগঙ্গার বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১-এর নিচে তার লাশ পাওয়া যায়। প্রথমে পরিচয় শনাক্ত করতে না পারায় অজ্ঞাতপরিচয় নারী হিসেবে জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হয়। পরে সংবাদপত্রে প্রকাশিত ছবি দেখে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর জানতে পারেন। এরপর কবর থেকে লাশ তুলে পরিচয় নিশ্চিত করা হয়।
দীর্ঘ বিচারপ্রক্রিয়া, শেষ পর্যন্ত খালাস
তিন্নির লাশ উদ্ধারের ঘটনায় কেরানীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা হয়। তদন্ত শেষে ২০০৮ সালের ৮ নভেম্বর সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১০ সালের ১৪ জুলাই তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। অভির অনুপস্থিতিতেই মামলার বিচার চলে। তার পক্ষে রাষ্ট্রের খরচে আইনজীবী নিয়োগ করা হয়েছিল।
হাইকোর্টের স্থগিতাদেশের কারণে প্রায় ছয় বছর মামলার কার্যক্রম বন্ধ ছিল। পরে আবার বিচার শুরু হয়। ২০২১ সালে রায়ের পর্যায়ে গিয়েও নতুন করে সাক্ষ্য গ্রহণ করা হয়। অবশেষে ২০২৫ সালের ১৪ জানুয়ারি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছা. শাহীনুর আক্তার মামলার একমাত্র আসামি গোলাম ফারুক অভিকে খালাস দেন।
রায়ে আদালত উল্লেখ করেন, তিন্নির সঙ্গে অভির প্রেমের সম্পর্ক এবং একই বাসায় থাকার বিষয়টি সাক্ষ্যে উঠে এলেও হত্যাকাণ্ডের পেছনে সম্পর্কের অবনতি, বিয়ের জন্য চাপ কিংবা সম্পর্কের কথা প্রকাশের হুমকির অভিযোগ প্রমাণিত হয়নি। ঘটনার রাতে অভি কোথায় ছিলেন, সে বিষয়েও সাক্ষীদের বক্তব্য বিবেচনায় নেন আদালত।
তদন্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক জেরায় হত্যাকাণ্ডের কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী না থাকার কথা জানান। অন্যদিকে, অভিযোগপত্রের অন্যতম ভিত্তি সানজিদুল হাসান ইমন আদালতে বলেন, হত্যার বিষয়ে তিনি কিছু জানেন না এবং অভির সঙ্গে তার কথাবার্তা বা দেখাও হয়নি। আদালতের পর্যবেক্ষণ ছিল, কাউকে সাজা দিতে হলে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হয়। শুধু পলাতক থাকার কারণে কাউকে অপরাধী সাব্যস্ত করা যায় না।
রায়ের সময় তিন্নির পরিবারের কেউ আদালতে উপস্থিত ছিলেন না। অভির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শাহ ইলিয়াস রতন গণমাধ্যমকে বলেন, তার মক্কেল ন্যায়বিচার পেয়েছেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রায়ে অসন্তোষ জানিয়ে পর্যালোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিল।
মৃত্যুর দুই যুগ পরও তিন্নির নাম ও হত্যাকাণ্ড নিয়ে আলোচনা থামেনি। একটি ওয়েব সিরিজের গল্পের সঙ্গে তার হত্যাকাণ্ডের মিল নিয়েও একসময় আলোচনা হয়েছিল। যদিও নির্মাতা সিরিজটি সরাসরি তিন্নির ঘটনা অবলম্বনে নির্মিত হওয়ার কথা অস্বীকার করেন।
বিজ্ঞাপনের পরিচিত মুখ থেকে নাটকের অভিনেত্রী, এরপর চলচ্চিত্রে কাজের প্রস্তুতি—সব মিলিয়ে সম্ভাবনাময় এক তরুণী ছিলেন তিন্নি। কিন্তু সেই সম্ভাবনা পূর্ণতা পাওয়ার আগেই থেমে যায় তার জীবন। অন্যদিকে, আলোচিত হত্যা মামলায় আসামির খালাসের মধ্য দিয়ে বিচারিক প্রক্রিয়ার একটি অধ্যায় শেষ হলেও তিন্নির পরিবারের দীর্ঘ অপেক্ষা ও মৃত্যুর ঘটনা ঘিরে প্রশ্নগুলো এখনো মানুষের মনে রয়ে গেছে।


