পাকিস্তানি ক্রিকেটার থেকে আইপিএলের প্রতিষ্ঠাতা— সুস্মিতা সেনের প্রেমের যত অধ্যায়
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০০ পিএম
বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন
|
ফলো করুন |
|
|---|---|
বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেনের ব্যক্তিজীবন নিয়ে কৌতূহলের কমতি নেই। ক্যারিয়ারের নানা পর্যায়ে সাবেক পাকিস্তানি তারকা ক্রিকেটার ওয়াসিম আকরাম থেকে আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি—অনেকের নামই জড়িয়েছে তার সঙ্গে। তবে এসব খবরের সবকটি সত্যি ছিল না; কিছু কেবল গুঞ্জন হিসেবেই থেকে গেছে, আবার কিছু সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী নিজেই।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এই অভিনেত্রীর ৫১তম জন্মদিনে ফিরে দেখা যাক তার আলোচিত সম্পর্ক ও ব্যক্তিজীবনের কয়েকটি অধ্যায়ে।
২০১৩ সালে পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরামের সঙ্গে সুস্মিতার বিয়ের রটনা বিনোদন জগতে বেশ চাউর হয়েছিল। ২০০৮ সালে একটি নাচের রিয়েলিটি শোতে বিচারক হিসেবে কাজ করতে গিয়ে দুজনের পরিচয় হয়। যদিও সে সময় বিয়ের খবর উড়িয়ে দিয়ে সুস্মিতা বলেছিলেন, আকরাম তার বন্ধু এবং বন্ধুই থাকবেন। ওয়াসিম আকরামও বিষয়টিকে ভিত্তিহীন বলে জানিয়েছিলেন।
বলিউডে পথচলার শুরুর দিকে চিত্রনাট্যকার বিক্রম ভাটের সঙ্গেও সুস্মিতার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। পরবর্তীতে অভিনেতা রণদীপ হুদার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি; ২০০৬ সালে শুরু হওয়া সেই সম্পর্ক প্রায় তিন বছর স্থায়ী হয়।
এ ছাড়া নির্মাতা মুদাসসর আজিজ ও মুম্বাইয়ের ব্যবসায়ী ঋত্বিক ভাসিনের সঙ্গেও অভিনেত্রীর প্রেমের খবর প্রকাশ্যে আসে।
এর মধ্যে মডেল রেহমান শালের সঙ্গে সুস্মিতার সম্পর্ক ছিল বেশ আলোচিত। ২০২১ সালের ডিসেম্বরে ইনস্টাগ্রামে বিচ্ছেদের ঘোষণা দেন সুস্মিতা সেন নিজেই। তবে প্রেম ভেঙে গেলেও দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বজায় থাকার কথা জানান এই অভিনেত্রী।
এর পর ২০২২ সালের জুলাইয়ে আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি সুস্মিতার সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে তাদের প্রেমের কথা জানান। এ নিয়ে বিয়ের গুঞ্জন উঠলে সুস্মিতা পরিষ্কার করেন যে তার বিয়ে হয়নি, এমনকি বাগদান বা আংটিবদলও হয়নি।
উল্লেখ্য, ১৯৯৪ সালে মাত্র ১৮ বছর বয়সে মিস ইন্ডিয়া এবং একই বছর মিস ইউনিভার্সের মুকুট জিতে বিশ্বমঞ্চে ব্যাপক পরিচিতি পান সুস্মিতা সেন। ‘বিবি নাম্বার ওয়ান’, ‘ম্যায় হুঁ না’ ও ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’সহ বহু জনপ্রিয় বলিউড সিনেমায় অভিনয় করেছেন তিনি। দীর্ঘ বিরতির পর ‘আরিয়া’ সিরিজ দিয়ে পর্দায় ফিরে নতুন করে প্রশংসা কুড়ান।
২০২৪ সালে রিয়া চক্রবর্তীর পডকাস্ট ‘চ্যাপ্টার ২’-এ নিজের প্রেমজীবন প্রসঙ্গে কথা বলতে গিয়ে সুস্মিতা জানান, প্রায় তিন বছর ধরে তিনি কোনো প্রেমের সম্পর্কে নেই।
ব্যক্তিজীবনে ২০০০ সালে রেনে এবং ২০১০ সালে আলিশাহ নামে দুই কন্যাসন্তান দত্তক নিয়ে মাতৃত্বের আলাদা অধ্যায় গড়ে তুলেছেন এই তারকা। তবে জীবনের অর্ধ শতক পেরিয়ে গেলেও এবং প্রেমজীবন নিয়ে তুমুল আলোচনায় থাকলেও এখনো বিয়ের পিঁড়িতেই বসেননি এই তারকা।

