ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘদিন ধরে বক্স অফিসের নিয়ন্ত্রণ ছিল পুরুষ তারকাদের হাতে। সেই ধারণা বদলে নিজের অবস্থান তৈরি করে নেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। একের পর এক নারীপ্রধান সিনেমার সাফল্য, পারিশ্রমিক ও ব্যবসায়িক উদ্যোগ— সব মিলিয়ে ভারতীয় সিনেমা জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ‘লেডি সুপারস্টার’ হিসেবে।
আর লেডি সুপারস্টার’খ্যাত অভিনেত্রী খুব একটা স্বস্তিতে নেই। এই ‘লেডি’ উপাধি পাওয়ার কারণে তাকে অনেক সমালোচনার মুখেও পড়তে হয়। গত পাঁচ-ছয় বছর ধরে প্রযোজক ও পরিচালকদের কাছে সিনেমায় তার নামের আগে এই উপাধি ব্যবহার না করার অনুরোধ জানিয়ে আসছেন তিনি।
নয়নতারা বলেন, ‘আমার ক্যারিয়ার কোনো উপাধি বা পরিচয়ে সংজ্ঞায়িত হয় না। কারো কাছ থেকে কোনো উপাধি কেড়ে নেওয়ার চেষ্টাও আমি করছি না। বিষয়টি আমার কাছে আসলে গুরুত্বপূর্ণ নয়।
অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনেও কাজ করে বড় অঙ্কের আয় করেন। প্রতিটি বিজ্ঞাপনের জন্য প্রায় পাঁচ কোটি রুপি পারিশ্রমিক নেন তিনি। টাটা স্কাইয়ের ৫০ সেকেন্ডের একটি বিজ্ঞাপনে চার ভাষায় কাজ করে পাঁচ কোটি রুপি পেয়েছিলেন নয়নতারা।
অন্যদিকে অভিনয়ের পাশাপাশি স্বামী পরিচালক ভিগনেশ শিবানের সঙ্গে বেশ কয়েকটি ব্যবসায় যুক্ত রয়েছেন নয়নতারা। ভিগনেশ শিবানের সঙ্গে ‘রাউডি পিকচার্স’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে এ তারকা দম্পতির। প্রতিষ্ঠানটির মূল্য প্রায় ৫০ কোটি রুপি বলে দাবি করা হয়েছে। এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে ভিগনেশ জানিয়েছিলেন— ৪০০ কোটি রুপি আয় করতে পারলে তারা সিনেমা থেকে অবসর নেওয়ার কথা ভাবতে পারেন।
২০২৩ সালে সিঙ্গাপুরের উদ্যোক্তা ডেইজি মরগ্যানের সঙ্গে যৌথভাবে ত্বকের যত্নের প্রসাধনী ব্র্যান্ড ‘নাইনস্কিন’ চালু করেন অভিনেত্রী। তারও আগে ২০২১ সালে চর্মরোগ বিশেষজ্ঞ রেনিতা রাজনের সঙ্গে যৌথভাবে লিপ বাম ব্র্যান্ডের ব্যবসায় যুক্ত হন নয়নতারা।
এর আগে ২০০৩ সালে মাত্র ১৮ বছর বয়সে মালায়ালাম সিনেমা ‘মনসিনাক্কারে’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় নয়নতারার। ২০০৫ সালে রজনীকান্তের ‘চন্দ্রমুখী’ ও এআর মুরুগাদস পরিচালিত ‘গজিনি’ দিয়ে তামিল সিনেমায় পরিচিতি পান তিনি। ২০০৭ সালে ‘বিল্লা’ সিনেমায় ভিন্ন লুকে হাজির হয়ে নিজের চেনা ইমেজও ভেঙে দেন নয়নতারা। তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় ও হিন্দি—পাঁচ ভাষার ৭৫টির বেশি সিনেমায় অভিনয় করেছেন।
ব্যক্তিগত কারণে দুই বছরের বিরতির পর ২০১৩ সালে আবার ‘রাজা রানি’ দিয়ে অভিনয়ে ফেরেন অভিনেত্রী। এরপর ‘মায়া’ (২০১৫), ‘আরাম’ (২০১৭) ও ‘কোলামাভু কোকিলা’ (২০১৮)-এর মতো সিনেমায় এককভাবে নেতৃত্ব দিয়ে বক্স অফিসে সাফল্য পান। এসব সিনেমা তাকে নারীপ্রধান চলচ্চিত্রের অন্যতম নির্ভরযোগ্য তারকায় পরিণত করে।
এদিকে অভিনয়ের সাফল্যের সঙ্গে বেড়েছে তার পারিশ্রমিকও। শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেকের সময় প্রায় ১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন বলে খবর প্রকাশিত হয়েছিল। টাইমস অব ইন্ডিয়ার তথ্যানুযায়ী, সম্প্রতি ‘টক্সিক’ সিনেমার জন্য ১৮ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেন তিনি। যদিও যশ অভিনীত সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি।
ভারতের বিভিন্ন শহরে তার একাধিক সম্পত্তিও রয়েছে। ২০২১ সালে চেন্নাইয়ে চার শয়নকক্ষের একটি ফ্ল্যাট কেনেন ভিগনেশের সঙ্গে। এ ছাড়া হায়দরাবাদের বানজারা হিলসে দুটি বাড়ি রয়েছে তার, যার মূল্য ৩০ কোটি রুপির বেশি বলে জানা গেছে। মুম্বাইয়ে বিলাসবহুল চার শয়নকক্ষের ফ্ল্যাট এবং কেরালায় পৈতৃক বাড়িও রয়েছে অভিনেত্রীর। তার ব্যক্তিগত বিমানের আনুমানিক মূল্য ৫০ কোটি রুপি। গাড়ির সংগ্রহে রয়েছে বিএমডব্লিউ ৫ সিরিজ, মার্সিডিজ জিএলএস ৩৫০ডি ও বিএমডব্লিউ ৭ সিরিজ।
