Logo
Logo
×
   

আন্তর্জাতিক

ইসরাইলের বাধায় গাজায় মানবিক বিপর্যয়, প্রতিবেশী দেশে আটকে জাতিসংঘের ত্রাণ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ এএম

ইসরাইলের বাধায় গাজায় মানবিক বিপর্যয়,  প্রতিবেশী দেশে আটকে জাতিসংঘের ত্রাণ

মিশরের রাফাহ সীমান্তে মানবিক ত্রাণ ও জ্বালানি বহনকারী ট্রাক। ফাইল ছবি

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, ২০২৫ সালের মার্চ মাস ইসরাইল গাজায় তাদের মানবিক সহায়তা প্রবেশে বাধা দিয়ে আসছে। ফলে খাদ্য, ওষুধসহ জরুরি সহায়তা সামগ্রী প্রতিবেশী দেশগুলোতেই আটকে রয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ইউএনআরডব্লিউএ জানায়, খাদ্যসামগ্রী, স্বাস্থ্যবিধি কিট, ওষুধ এবং আশ্রয় উপকরণসহ তাদের মানবিক সহায়তার চালানগুলো গত কয়েক মাস ধরে মিশর ও জর্ডানের গুদামগুলোতে সংরক্ষিত রয়েছে। এসব সহায়তা গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংস্থাটি বলে, ‘ইউএনআরডব্লিউএ’র জীবনরক্ষাকারী সহায়তা প্রস্তুত আছে, কিন্তু মার্চ ২০২৫ থেকে তা গাজায় ঢুকতে দেওয়া হচ্ছে না। সময় নষ্ট করার কোনো সুযোগ নেই।’

পূর্ব জেরুজালেমে ইউএনআরডব্লিউএ নিষিদ্ধ

২০২৪ সালের শেষ দিকে অধিকৃত পূর্ব জেরুজালেমে ইউএনআরডব্লিউএ’র কার্যক্রম নিষিদ্ধ করে ইসরাইল। এরপর থেকে সংস্থাটির ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।

ইসরাইলের জ্বালানিমন্ত্রী এলি কোহেন জানিয়েছেন, পূর্ব জেরুজালেমে ইউএনআরডব্লিউএ’র সদর দপ্তরে পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, নিজেই তিনি এই সংযোগ বিচ্ছিন্ন করার তদারকি করেছেন।


বুধবার সন্ধ্যায় এক্সে দেওয়া এক পোস্টে কোহেন বলেন, ‘কথায় ও কাজে আমি ইউএনআরডব্লিউএ’র জন্য পানি বন্ধ করে দিয়েছি।’

এর আগে একটি ইসরাইলি রেডিও স্টেশনে তিনি বলেন, ‘ইউএনআরডব্লিউএ’র স্থাপনাগুলোতে পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা প্রত্যক্ষ করতে তিনি পূর্ব জেরুজালেমে যাচ্ছেন’

কোহেন বলেন, ‘ ইসরাইল রাষ্ট্রে ইউএনআরডব্লিউএর কোনো জায়গা নেই।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম