ইরানের ওপর দীর্ঘমেয়াদি অবরোধের প্রস্তুতি নিতে ট্রাম্পের নির্দেশ
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পিএম
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের বিরুদ্ধে চাপ আরও বৃদ্ধির লক্ষ্যে দেশটির বন্দরগুলোতে দীর্ঘমেয়াদি নৌ-অবরোধ অব্যাহত রাখার জন্য নিজের উপদেষ্টাদের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক কিছু বৈঠকে ট্রাম্প স্পষ্ট করেছেন যে ইরানের সঙ্গে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়া এবং তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখায় তিনি অবরোধের পথটিকেই সবচেয়ে কার্যকর মনে করছেন। শান্তি প্রক্রিয়া যখন অনিশ্চয়তার মুখে, তখন ইরানের ওপর সর্বোচ্চ চাপ বজায় রাখতে তিনি এই কঠোর অবস্থান বেছে নিয়েছেন।
ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ট্রাম্পের বিশ্বাস যে পুনরায় বোমা হামলা শুরু করা কিংবা যুদ্ধ থেকে পুরোপুরি সরে আসার মতো বিকল্পগুলো বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেই তুলনায় নৌ-অবরোধ বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য তুলনামূলক কম ঝুঁকির এবং কৌশলগতভাবে লাভজনক।
উল্লেখ্য, ইরানের সঙ্গে সরাসরি আলোচনা কোনো ইতিবাচক ফলাফল দিতে ব্যর্থ হওয়ায় গত ১৩ এপ্রিল থেকে মার্কিন সামরিক বাহিনী ইরানি বন্দরগুলোতে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। কোনো জাহাজ যাতে ইরানের বন্দরে প্রবেশ করতে বা সেখান থেকে বের হতে না পারে, তা কঠোরভাবে তদারকি করছে মার্কিন নৌবাহিনী। ট্রাম্পের সাম্প্রতিক এই নির্দেশের ফলে ইরানের ওপর অর্থনৈতিক ও বাণিজ্যিক এই চাপ দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান।

