Logo
Logo
×
   

আন্তর্জাতিক

কিয়েভের কাছে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০১:২৪ পিএম

কিয়েভের কাছে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ৩

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রাশিয়ার চালানো ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রাতভর রাশিয়ার চালানো ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা। খবর বিবিসির। 

শনিবার (৮ আগস্ট) ভোরে রাজধানীর পূর্বাঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এ সময় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কয়েক দিন আগেই ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় ২১ জন নিহত হয়েছিলেন।

আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে কয়েকটি আবাসিক ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া একটি পৃথক ভবনে আগুনও ধরে যায়।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো টেলিগ্রামে জানান, একটি ভবন ও জ্বালানি সংরক্ষণ ট্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন জরুরি বিভাগের কর্মীরা।   

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা ডিএসএনএস কিয়েভে গ্যারেজ, একটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি ভবনে আগুন লাগার ছবি প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, হামলায় হতাহতের প্রকৃত সংখ্যা নিরূপণের কাজ চলছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রথমবারের মতো সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে পৌঁছেছেন। সেখানে তিনি সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক, নিরাপত্তা এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ইউক্রেনের প্রতি আন্তর্জাতিক সমর্থন আরও বিস্তৃত করার চেষ্টা করছেন জেলেনস্কি। তবে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ এখন পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপে সম্মত হননি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .