মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ
মক্কা চুক্তি কি ইসরাইল-আমিরাত জোটকে টেক্কা দিতে পারবে?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৫:০১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্য ও বৃহত্তর মুসলিম বিশ্বের নিরাপত্তা সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। একই সময়ে সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের ঘনিষ্ঠ সামরিক ও গোয়েন্দা সহযোগিতাও আঞ্চলিক শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বিশ্লেষকদের মতে, ইউএই-ইসরাইল অংশীদারত্ব তুলনামূলকভাবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ও বাস্তবায়নের সক্ষমতায় এগিয়ে থাকলেও সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের মক্কা চুক্তির রয়েছে বেশি রাজনৈতিক গ্রহণযোগ্যতা ও ভবিষ্যতে সম্প্রসারণের সম্ভাবনা।
সম্প্রতি ইউরোপের এক দেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় সংযুক্ত আরব আমিরাতের এক জ্যেষ্ঠ কূটনীতিকের বক্তব্য থেকে দেশটির ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টি স্পষ্ট হয়েছে বলে জানিয়েছে মিডল ইস্ট আই। বৈঠকে অংশ নেওয়া এক ইউরোপীয় কর্মকর্তা বলেন, আমিরাত ইসরাইলের সঙ্গে পুরোপুরি সমন্বিত এবং এই অংশীদারত্বের কার্যত কোনো সীমা নেই।
অন্যদিকে মক্কা চুক্তি নিয়ে পশ্চিমা ও আরব বিশ্বের কর্মকর্তারা এখনো প্রশ্ন তুলছেন—সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান বাস্তবে কতটা পরস্পরের পাশে দাঁড়াবে এবং যুদ্ধ শুরু হলে তারা কতটা কার্যকরভাবে সামরিক সহায়তা দিতে পারবে।
ইউএই-ইসরাইল জোটের বাস্তব সামরিক সহযোগিতা
মক্কা চুক্তি স্বাক্ষরের পরপরই ইয়েমেনের হুথিরা সৌদি আরবের জাজান অঞ্চলের একটি তেল শোধনাগারে হামলা চালায়। ওই হামলার সময় পাকিস্তান ও তুরস্ক সৌদি আরবের পক্ষে সরাসরি সামরিক প্রতিক্রিয়ায় যায়নি।
অন্যদিকে চলতি বছরের শুরুতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে সংযুক্ত আরব আমিরাতকে সহায়তা করতে ইসরাইল উপসাগরীয় দেশটিতে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠায়। পরে আবুধাবি ইরানের বিরুদ্ধে ইসরাইলের সঙ্গে সামরিক হামলাতেও অংশ নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এক মার্কিন কর্মকর্তা বলেন, যুদ্ধের সময় ইসরাইল আমিরাতকে বড় ধরনের সহায়তা করেছে এবং আবুধাবি বিষয়টি ভুলবে না।
তবে ইউএই-ইসরাইল সামরিক সহযোগিতা থাকা সত্ত্বেও দুই দেশের সম্পর্কের বড় অংশ এখনো প্রকাশ্য নয়। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির মাধ্যমে আমিরাত আনুষ্ঠানিকভাবে ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার পর সম্পর্কটি প্রকাশ্যে আসে।
মক্কা চুক্তির রাজনৈতিক গ্রহণযোগ্যতা বেশি?
মক্কা চুক্তির অন্যতম বৈশিষ্ট্য হলো এটি প্রকাশ্যভাবে ঘোষণা করা হয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পবিত্র নগরী মক্কায় একসঙ্গে জুমার নামাজ আদায় করার সময় চুক্তিটির রাজনৈতিক গুরুত্বও সামনে আসে।
বিশ্লেষক আয়হাম কামেলের মতে, ইউএই-ইসরাইল জোট মূলত রাজনৈতিক চুক্তি হলেও বাস্তবে এর সামরিক ও গোয়েন্দা সহযোগিতাই সম্পর্কটির ভিত্তি। বিপরীতে মক্কা চুক্তির ভিত্তি সামরিক হলেও এর রাজনৈতিক তাৎপর্য অনেক বেশি।
তার মতে, ইউএই-ইসরাইল সহযোগিতা দ্রুত সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করতে পারে। মক্কা চুক্তি বাস্তবায়নে সময় লাগবে, কিন্তু এর একটি প্রকাশ্য জনসমর্থনের ভিত্তি রয়েছে এবং ভবিষ্যতে এই জোটে আরও দেশ যুক্ত হতে পারে।
তিন দেশের সামরিক শক্তি
কাগজে-কলমে মক্কা চুক্তির সামরিক সক্ষমতা যথেষ্ট শক্তিশালী। তুরস্কের রয়েছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী। সৌদি আরব আরব বিশ্বের একমাত্র জি-২০ অর্থনীতি। আর পাকিস্তান বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী মুসলিম রাষ্ট্র।
সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কয়েক দশকের পুরোনো ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রয়েছে। পাকিস্তানি পাইলট ও সামরিক কর্মকর্তারা দীর্ঘদিন ধরে সৌদি সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করে আসছেন। সৌদি আরবও বিভিন্ন সময়ে পাকিস্তানকে গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা দিয়েছে।
তবে তিন দেশের নিরাপত্তা-হুমকি এক নয়।
সৌদি আরব ইরানকে বড় আঞ্চলিক হুমকি হিসেবে দেখে। ২০১৫ সালে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সামরিক অভিযান শুরু করলেও পাকিস্তান সরাসরি এতে অংশ নেয়নি। বরং ইরানের সঙ্গে তুলনামূলকভাবে সুসম্পর্ক থাকায় পাকিস্তান বিভিন্ন সময়ে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে।
তুরস্ক ও সৌদি আরবের সম্পর্কও সবসময় মসৃণ ছিল না। মুসলিম ব্রাদারহুড ইস্যুতে দুই দেশের মধ্যে দীর্ঘদিন বিরোধ ছিল। ২০১৯ সালে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর তুরস্ক-সৌদি সম্পর্ক আরও তলানিতে পৌঁছায়। সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়া ও সুদানের মতো ইস্যুতে দুই দেশ আবার কাছাকাছি এসেছে।
চ্যাথাম হাউসের উপসাগরীয় বিশেষজ্ঞ নিল কুইলিয়ামের মতে, তিন দেশের নিরাপত্তা-দৃষ্টিভঙ্গি ও আঞ্চলিক পরিবেশ ভিন্ন হওয়ায় তাদের মধ্যে কার্যকর সামরিক সমন্বয় তৈরি করতে সময়, রাজনৈতিক সদিচ্ছা ও বড় ধরনের প্রচেষ্টা প্রয়োজন হবে।
সামরিক সমন্বয়ে কে এগিয়ে?
মক্কা চুক্তির আওতায় তুরস্ক জানিয়েছে, তিন দেশ যৌথ সামরিক মহড়া করবে এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াবে। তুরস্ক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিজস্ব ড্রোন ও অন্যান্য অস্ত্র বিক্রির চেষ্টা করছে।
তুরস্ক ন্যাটোর সদস্য। সৌদি আরব দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র কিনে আসছে। পাকিস্তান ও তুরস্ক ইতোমধ্যে ছোট যুদ্ধজাহাজসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম যৌথভাবে তৈরি করেছে। দুই দেশ তুরস্কের কাান যুদ্ধবিমান ও ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিয়েও সহযোগিতা করছে। সৌদি আরবও নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে চাইছে।
তবে তিন দেশের সামরিক ব্যবস্থাকে গভীরভাবে একীভূত করা সহজ হবে না। পাকিস্তানের প্রধান সামরিক সরবরাহকারী চীন। অন্যদিকে তুরস্ক সৌদি আরবের কাছে কাান যুদ্ধবিমান বিক্রি করতে চাইলেও রিয়াদ যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান কেনার দিকেও নজর রাখছে।
ইউএই-ইসরাইল জোটের বড় সুবিধা
বিশ্লেষকদের মতে, সামরিক সমন্বয় ও গোয়েন্দা সক্ষমতায় ইউএই-ইসরাইল জোট এখনো এগিয়ে।
ইসরাইলের রয়েছে শক্তিশালী প্রতিরক্ষা শিল্প, বিস্তৃত গোয়েন্দা অবকাঠামো এবং যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করা আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এসব ব্যবস্থা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর সঙ্গে সমন্বিত।
ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির বিশেষজ্ঞ এলিজাবেথ ডেন্টের মতে, সংযুক্ত আরব আমিরাতের কাছে মূলত যুক্তরাষ্ট্রের তৈরি এমন অস্ত্রব্যবস্থা রয়েছে, যেগুলো ইসরাইলের সামরিক ব্যবস্থার সঙ্গে সমন্বয়যোগ্য। অর্থনৈতিক সক্ষমতা ও আঞ্চলিক প্রভাবও আমিরাতকে বাড়তি সুবিধা দেয়।
তবে মক্কা চুক্তির পক্ষেও বড় একটি সুবিধা রয়েছে—চুক্তিটি প্রকাশ্য এবং পারস্পরিক প্রতিরক্ষার বাধ্যবাধকতাকে স্পষ্টভাবে সামনে এনেছে। বিশ্লেষকদের মতে, এই কাঠামো ভবিষ্যতে আরও দেশকে যুক্ত করার সুযোগ তৈরি করতে পারে।
এলিজাবেথ ডেন্টের মতে, মক্কা চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষার বাধ্যবাধকতা ও কৌশলগত গভীরতা বেশি থাকায় এটি শেষ পর্যন্ত আরও বিশ্বাসযোগ্য প্রতিরোধক্ষমতা তৈরি করতে পারে। তবে তিন দেশের সামরিক বাহিনী এখনো ইউএই-ইসরাইলের মতো সমন্বিত নয়, তাই সেই পর্যায়ে পৌঁছাতে তাদের অনেক পথ পাড়ি দিতে হবে।
সব মিলিয়ে বিশ্লেষকদের মূল্যায়ন হলো, তাৎক্ষণিক সামরিক সক্ষমতা, গোয়েন্দা সহযোগিতা ও আন্তঃসংযোগের ক্ষেত্রে ইউএই-ইসরাইল জোট এগিয়ে। কিন্তু রাজনৈতিক গ্রহণযোগ্যতা, পারস্পরিক প্রতিরক্ষা প্রতিশ্রুতি এবং ভবিষ্যতে সম্প্রসারণের সম্ভাবনার দিক থেকে মক্কা চুক্তি দীর্ঘমেয়াদে আরও গুরুত্বপূর্ণ আঞ্চলিক জোটে পরিণত হতে পারে।
সূত্র: মিডল ইস্ট আই
