সাংবাদিকদের জন্য নেপালের নতুন নির্দেশনা, বিদেশিদের লাগবে অনুমতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পিএম
বন্যায় নেপালের উত্তর ও মধ্যাঞ্চলের বহু শহর ও গ্রাম ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
হিমবাহ ধসে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের জন্য নিরাপত্তা ও কাজের নতুন নির্দেশনা জারি করেছে নেপাল। একই সঙ্গে বন্যাকবলিত এলাকায় কাজ করতে যাওয়া বিদেশি সাংবাদিকদের জন্য ‘প্রেস অ্যাক্রেডিটেশন’ বাধ্যতামূলক করা হয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তের কাছে হিমবাহ ধস সৃষ্ট আকস্মিক বন্যায় দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের বহু শহর ও গ্রাম ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত ১৩০০-এরও বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে আর নিখোঁজ রয়েছে ৫ হাজারের বেশি মানুষ।
গত রোববার নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, বন্যাকবলিত এলাকায় সাংবাদিকদের জন্য তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় এই নিরাপত্তা প্রটোকল জারি করেছে।
হিমালয় সীমান্ত অঞ্চল থেকে নেমে আসা ভোতেকোশি নদীর পানিতে ঘরবাড়ি, যানবাহন, সড়ক ও সেতু ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্পও।
নতুন নির্দেশনা অনুযায়ী, বন্যাকবলিত এলাকায় যাওয়া সাংবাদিকদের যেসব নির্দেশনা মেনে চলতে হবে সেসব হলো—
- বৈধ প্রেস পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
- নিরাপত্তা ও উদ্ধারকর্মীদের নির্দেশনা মেনে চলতে হবে।
- নির্ধারিত পথ ও চলাচলের বিধিনিষেধ অনুসরণ করতে হবে।
- প্রয়োজন হলে কর্তৃপক্ষের দেওয়া সরিয়ে নেওয়ার নির্দেশ মানতে হবে।
- অনুমতি ছাড়া সক্রিয় উদ্ধার এলাকায় প্রবেশ করা যাবে না।
- উদ্ধারকাজে কোনো ধরনের বাধা সৃষ্টি করা যাবে না।
- নিষিদ্ধ বা সীমিত অপারেশন এলাকায় প্রবেশ করা যাবে না।
- আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করা যাবে না।
- নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলতে হবে।
বিদেশি সাংবাদিকদের জন্য আলাদা নিয়ম
নেপালের তথ্য ও সম্প্রচার বিভাগও গত ৩ সেপ্টেম্বর একটি পৃথক নোটিশ জারি করেছে। এতে বলা হয়েছে, ভোতেকোশি ও ত্রিশূলী নদীর তীরবর্তী বন্যাকবলিত এলাকায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া বিদেশি সাংবাদিকদের অনলাইনে ‘প্রেস অ্যাক্রেডিটেশন’ ও সাংবাদিক পরিচয়পত্রের জন্য আবেদন করতে হবে।
আবেদনের সময় বিদেশি সাংবাদিকদের বৈধ ভিসা বা প্রবেশ অনুমতিসহ পাসপোর্টের কপি, নিজ নিজ সংবাদমাধ্যমের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার বিভাগে দেওয়া সুপারিশপত্র এবং নিজ দেশের দূতাবাস, কনস্যুলার অফিস বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশপত্র জমা দিতে হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ‘প্রেস অ্যাক্রেডিটেশন’ ও সাংবাদিক পরিচয়পত্র ১৫ দিন পর্যন্ত কার্যকর থাকবে।


