Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

গাজার ধ্বংসস্তূপে আরও ১৭ ফিলিস্তিনির লাশ উদ্ধার

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ এএম

গাজার ধ্বংসস্তূপে আরও ১৭ ফিলিস্তিনির লাশ উদ্ধার

বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচ থেকে নিখোঁজ ১৭ ফিলিস্তিনির লাশ ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচ থেকে নিখোঁজ ১৭ ফিলিস্তিনির লাশ ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর)  ‘শহীদদের মরদেহ উদ্ধার’ পরিচালিত প্রকল্পের দ্বিতীয় ধাপে এসব লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে  তুর্কি বার্তাসংস্থা আনাদোলু। 

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ জুলাই এই অভিযান শুরু হয়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা ফিলিস্তিনিদের মরদেহ খুঁজে বের করাই এ প্রকল্পের লক্ষ্য। তবে উদ্ধারকারী দলগুলোর কাছে ভারী যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় কাজ এগোচ্ছে ধীরগতিতে।

দ্বিতীয় ধাপে উত্তর গাজার গাজা সিটি এবং মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ধ্বংস হওয়া বাড়িঘরের নিচে অনুসন্ধান চালানো হচ্ছে।

সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানায়, গাজা সিটির জেইতুন ও ইয়ারমুক এলাকায় হাজ্জি ও আল-নাদিম পরিবারের বাড়ির ধ্বংসস্তূপ থেকে ১৬ জন নিখোঁজ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নুসেইরাত শরণার্থী শিবিরে আল-ওয়ার পরিবারের একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে আরও একজনের দেহাবশেষ উদ্ধার করা হয়।


গাজায় গত বছরের ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উদ্ধার অভিযান এখনও ধীরগতিতে চলছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, যুদ্ধবিরতি চুক্তিতে ধ্বংসস্তূপ সরানো এবং নিহতদের লাশ উদ্ধারের জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি গাজায় প্রবেশের কথা থাকলেও পর্যাপ্ত সরঞ্জাম এখনও পাওয়া যায়নি।

২০২৫ সালের অক্টোবরে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছিল, ইসরাইলি হামলা শুরুর পর থেকে প্রায় ৯,৫০০ ফিলিস্তিনিকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে কেউ ধ্বংস হয়ে যাওয়া ভবনের নিচে চাপা পড়ে আছেন, আবার কারও ভাগ্যে কী ঘটেছে তা এখনও জানা যায়নি।

দ্বিতীয় ধাপের এই উদ্ধার প্রকল্পে মোট ৮০০ ঘণ্টা কাজ করার পরিকল্পনা রয়েছে। গাজা, উত্তর গাজা ও মধ্যাঞ্চলের ১৪৭টি ধ্বংস হওয়া বাড়ি ও স্থাপনায় অনুসন্ধান চালানো হবে। সিভিল ডিফেন্সের আগের হিসাব অনুযায়ী, এসব স্থাপনার ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় ১,০৭২টি লাশ চাপা পড়ে থাকতে পারে। 


এর আগে গত নভেম্বরের শেষ দিকে প্রকল্পটির প্রথম ধাপ শুরু হয়। ওই পর্যায়ে ৫৪টি বাড়ি ও ভবনের ধ্বংসস্তূপের নিচে থাকা ৫৫৯ জন নিখোঁজ ব্যক্তির মধ্যে প্রায় ৩৩৩ জনের লাশ ও দেহাবশেষ উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গাজায় ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং১ লাখ ৭৪ হাজারের বেশি আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম