শিশুখাদ্যের প্যাকেটে মা-শিশুর ছবি নিষিদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
শিশুখাদ্যের প্যাকেটে মা ও শিশুর ছবি ব্যবহার নিষিদ্ধ করেছে ভারতের মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। একই সঙ্গে শিশুর জন্য মায়ের দুধই সবচেয়ে ভালো—এমন বার্তা সব ধরনের শিশুখাদ্যের প্যাকেটে স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ নির্দেশনার ফলে ফর্মুলা দুধ নিষিদ্ধ হচ্ছে না। নির্ধারিত নীতিমালা মেনে ফর্মুলা দুধ বাজারজাত করা যাবে।
মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের প্রধান তুকারাম মুন্ধে এ নির্দেশনা দিয়েছেন। খাদ্যের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে রেস্তোরাঁয় অভিযান চালিয়ে আলোচনায় আসা এই কর্মকর্তা শিশুখাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন এসব নির্দেশনা জারি করেন।
নির্দেশনায় বলা হয়েছে, সব শিশুখাদ্যের প্যাকেটে ‘মায়ের দুধই সবচেয়ে ভালো’—এমন বার্তা দিতে হবে। পাশাপাশি প্যাকেটে মা ও শিশুর ছবি এবং শিশুখাদ্য মায়ের দুধের মতোই ভালো—এমন কোনো দাবি করা যাবে না।
দুই বছরের কম বয়সি শিশুদের জন্য তৈরি সব ধরনের শিশুখাদ্য, এর মধ্যে সিরিয়াল ও পরিপূরক খাবারও এ নির্দেশনার আওতায় থাকবে। শিশুখাদ্যের প্রচারেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিনামূল্যে নমুনা বিতরণ এবং মূল্যছাড়ের কুপন দেওয়াও নিষিদ্ধ করা হয়েছে।
প্যাকেটে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, ছয় মাসের বেশি বয়সি শিশুকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শুধু পরিপূরক খাবার হিসেবে এসব পণ্য দেওয়া যাবে।
তুকারাম মুন্ধে বলেন, এফডিএর পরিচালিত এক জরিপে শিশুখাদ্যের প্যাকেজিং ও বিপণনে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে। এর মধ্যে শিশুর জন্য মায়ের দুধের গুরুত্ব তুলে ধরে প্রয়োজনীয় বার্তা না থাকাকে বড় ধরনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, শিশুদের বুকের দুধ খাওয়ানোর হার বাড়ানো এবং তাদের সঠিক পুষ্টি নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। শহর ও গ্রাম উভয় এলাকায় বুকের দুধ খাওয়ানোর হার উদ্বেগজনকভাবে কম, যা শিশুদের স্বাস্থ্যে সরাসরি প্রভাব ফেলছে। এর ফলে অল্প বয়সেই উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো সমস্যা দেখা দিচ্ছে বলেও দাবি করেন তিনি।
মুন্ধের দেওয়া তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রে জন্মের পর প্রথম এক ঘণ্টা থেকে ছয় মাস বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়ানোর হার শহরাঞ্চলে ৫২ দশমিক ৮ শতাংশ এবং গ্রামাঞ্চলে ৭৫ দশমিক ২ শতাংশ। তিনি আরও জানান, এক জরিপে ১০ থেকে ১২ বছর বয়সি শিশুদের ২৫ শতাংশের উচ্চ রক্তচাপ শনাক্ত হয়েছে। এ সমস্যার পেছনে বুকের দুধ না খাওয়াকে অন্যতম কারণ বলে দাবি করেন তিনি।
সূত্র: এনডিটিভি

-6abc860e7967e.jpg)