ভারতে আবারও আন্দোলনের ডাক দিল ‘ককরোচ’রা
Advertisement
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৯ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের নির্বাচন ব্যবস্থা ও ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কের মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের আন্দোলনের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বড় বিক্ষোভের ঘোষণা দিয়েছেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
গতকাল শুক্রবার মুম্বাইয়ের শিবাজি পার্কে দলের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পুলিশের অনুমতি না থাকলেও সেখানে সমর্থকরা জমায়েত হয়। বিক্ষোভ থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (এসআইআর) নিয়ে আপত্তি জানানো হয়।
বিক্ষোভ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ১০ অক্টোবরের কর্মসূচি ঘোষণা করেন দীপকে। তিনি বলেন, এর মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকেরা দিল্লির উদ্দেশে যাত্রা করবেন। পরে যন্তর মন্তরে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
হুঁশিয়ারি দিয়ে দীপকে বলেন , দিল্লি যাওয়ার পথে পুলিশ তাদের বাধা দিলে যেখানেই আটকানো হবে, সেখানেই আন্দোলন গড়ে তোলা হবে। তবে পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে এবং মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের নীতি অনুসরণ করে পরিচালিত হবে।
এর আগে গত ২ অক্টোবর দিল্লিতেও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছিল। যন্তর মন্তরের কাছে অনুমতি ছাড়া জমায়েতের অভিযোগে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অতীশী, সিপিএম নেত্রী বৃন্দা কারাট, আইসা নেত্রী নেহা বোরা এবং আম আদমি পার্টির কয়েকজন নেতাও ছিলেন। বিভিন্ন প্রতিবেদনে ওই কর্মসূচি থেকে ৭০০-র বেশি মানুষ আটকের কথা বলা হয়েছে।
মুম্বাইয়ের কর্মসূচিতেও উপস্থিত ছিলেন অভিনেত্রী শাবানা আজমি ও গায়ক বিশাল দাদলানিসহ কয়েকজন পরিচিত ব্যক্তি। শিবাজি পার্কের সমাবেশে দীপকে আন্দোলন আরও বিস্তৃত করার ঘোষণা দেন।
ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ককরোচ জনতা পার্টির অবস্থানকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তবে নির্বাচন কমিশন ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে। যোগ্য নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে কমিশন।
