পাকিস্তান-চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে দুশ্চিন্তায় ভারত
Advertisement
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫২ এএম
ছবি: এআই
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের সঙ্গে চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির পরিকল্পনাকে ভারতের জন্য উদ্বেগের কারণ বলে উল্লেখ করেছেন দেশটির বিমান বাহিনী প্রধান (এয়ার চিফ মার্শাল) এপি সিং। তবে একই সঙ্গে তিনি আশ্বস্ত করে বলেছেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলা করার মতো প্রয়োজনীয় সক্ষমতা ভারতীয় বিমান বাহিনীর রয়েছে।
শনিবার বিমান বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত বার্ষিক এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এপি সিং বলেন, ভারতের উচিত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান অন্তর্ভুক্তির প্রক্রিয়া দ্রুততর করা এবং অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট (এএমসিএ) কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়া।
তিনি আরও বলেন, ‘প্রতিবেদনে ইঙ্গিত মিলছে যে পাকিস্তান খুব শিগগিরই এই যুদ্ধবিমানগুলো পেতে পারে। এমনকি তাদের পাইলটরা ইতোমধ্যে চীনে প্রশিক্ষণ নিচ্ছেন বলেও খবর রয়েছে। এতে কোনো সন্দেহ নেই যে এটি উদ্বেগের বিষয়। তবে পরিস্থিতি কি পুরোপুরি প্রতিকূল? আমি তা মনে করি না।’
তিনি বলেন, ‘অতীতেও পাকিস্তানের কাছে বিভিন্ন প্ল্যাটফর্ম ছিল, কিন্তু অপারেশন সিন্দুরের সময় তারা সেগুলোর মাধ্যমে উল্লেখযোগ্য কিছু করতে পারেনি। একইভাবে আমরা যেসব প্ল্যাটফর্ম কিনছি এবং অন্তর্ভুক্ত করছি, সেগুলোকে যদি কার্যকরভাবে সংহত করতে পারি, তবে এই হুমকি মোকাবিলা করা সম্ভব— অন্ততপক্ষে যতদিন না তারা এই নতুন বিমানগুলোকে নিজেদের সিস্টেমে পুরোপুরি যুক্ত করছে।’


