ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন আজ,মুখোমুখি লুলা ও বলসোনারোর ছেলে
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পিএম
ব্রাজিলের বামপন্থি প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ডানপন্থি সিনেটর ফ্লাভিও বলসোনারো। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দুর্নীতির কেলেঙ্কারি, তীব্র রাজনৈতিক মেরুকরণ ও ভোটারদের বাড়তে থাকা অনাগ্রহের মধ্যেই আজ রোববার (৪ অক্টোবর) সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছেন ব্রাজিলের কোটি কোটি মানুষ। এই নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হবে। এবারও মূল লড়াইয়ে রয়েছে ব্রাজিলের পরিচিত দুই রাজনৈতিক শিবির। খবর সিএনএনের
নির্বাচনে এগিয়ে থাকা প্রার্থীদের মধ্যে রয়েছেন বামপন্থি প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ডানপন্থি সিনেটর ফ্লাভিও বলসোনারো। ফ্লাভিও কারাগারে থাকা সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে। দুজনই ব্রাজিলের জন্য ভিন্ন রাজনৈতিক পথের কথা তুলে ধরছেন।
আমেরিকাস কোয়ার্টারলির প্রধান সম্পাদক ও আমেরিকাস সোসাইটি/কাউন্সিল অব দ্য আমেরিকাসের নীতি বিভাগের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান উইন্টার বলেন, ‘এটি দেশটি কেমন হবে এবং লাতিন আমেরিকা কোন পথে যাবে, তা নিয়ে দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গির লড়াই।’
বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ ব্রাজিলে অধিকাংশ প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য ভোট দেওয়া বাধ্যতামূলক। ফলে আমেরিকা মহাদেশের দেশগুলোর মধ্যে দেশটিতে সাধারণত ভোটার উপস্থিতিও বেশ বেশি থাকে।
তবে এবারের নির্বাচন শুধু ব্রাজিলের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নয়। নির্বাচনের ফল বিশ্বমঞ্চে ব্রাজিলের অবস্থানেও বড় পরিবর্তন আনতে পারে। দেশটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ রক্ষণশীল জোটের দিকে ঝুঁকবে, নাকি লুলার অনুসৃত বহুমুখী পররাষ্ট্রনীতির পথেই থাকবে, সেটিও এই ভোটের মাধ্যমে নির্ধারিত হতে পারে।
৮০ বছর বয়সি লুলা চতুর্থ এবং সম্ভবত শেষবারের মতো প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করছেন। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। এরপর ২০২৩ সালে দীর্ঘ রাজনৈতিক প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আবারও ক্ষমতায় ফেরেন।
দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে লুলা ৫৮০ দিন কারাগারে ছিলেন। পরে ২০২১ সালে ব্রাজিলের সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে দেওয়া সাজা বাতিল করে এবং রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেয়। এরপর ২০২২ সালের নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে হারিয়ে আবারও ক্ষমতায় ফেরেন তিনি।
এবার জরিপে লুলার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করছেন ফ্লাভিও বলসোনারো। বাবার নেতৃত্বে গড়ে ওঠা রাজনৈতিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি।
জাইর বলসোনারো বর্তমানে স্বাস্থ্যগত কারণে মানবিক বিবেচনায় গৃহবন্দি রয়েছেন। তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না। ২০২২ সালের নির্বাচনে পরাজয় মেনে না নিয়ে অভ্যুত্থানের চেষ্টা করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে তিনি ২৭ বছরের সাজা ভোগ করছেন।
লুলা ও ফ্লাভিওর পেছনে রয়েছেন আরও চার প্রেসিডেন্ট প্রার্থী। তারা হলেন মধ্যপন্থি মনোরোগ বিশেষজ্ঞ ও বেস্টসেলার লেখক অগুস্তো কুরি, ডানপন্থি সাবেক গোয়াস রাজ্যের গভর্নর রোনালদো কাইয়াদো, মুভিমেন্তো ব্রাসিল লিভরির ডানপন্থি প্রতিষ্ঠাতা রেনান সান্তোস এবং মিনাস জেরাইস রাজ্যের সাবেক গভর্নর ও অর্থনৈতিকভাবে উদারপন্থি রোমেউ জেমা।
রোববারের ভোটে কোনো প্রার্থী বৈধ ভোটের অর্ধেকের বেশি না পেলে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী ২৫ অক্টোবরের দ্বিতীয় দফার নির্বাচনে মুখোমুখি হবেন।


