জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা ইসরাইলের
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ এএম
১৮৩৯ সালে পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট প্রতিষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেটের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে ইসরাইল। তবে ইসরাইলের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে যুক্তরাজ্য জানিয়েছে, ‘ইউকে মিশন, জেরুজালেম’ নামে কূটনৈতিক মিশনটির কার্যক্রম অব্যাহত থাকবে।’ এ নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক বিরোধ দেখা দিয়েছে।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’আর জানিয়েছেন, বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে ব্রিটিশ কনসাল জেনারেলসহ প্রায় ২০ জন কূটনীতিকের দায়িত্ব শেষ হবে এবং তারা ইসরাইল ছাড়বেন।
তবে ব্রিটিশ কূটনৈতিক কার্যক্রম পুরোপুরি বন্ধ না করে সীমিত পরিসরে চালানোর জন্য ভবনটি ব্যবহারের অনুমতি দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে সেখানে কর্মরত জনবলের সংখ্যা কমিয়ে আনা হবে।
অন্যদিকে, যুক্তরাজ্যের পররাষ্ট্রবিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এড মিলিব্যান্ড জানিয়েছেন, কনস্যুলেট ভবনটি বন্ধ করা হবে না। লন্ডনের অবস্থান অনুযায়ী, নতুন নামে মিশনটি স্বাধীনভাবে কাজ করবে এবং ফিলিস্তিনি জনগণের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে। পাশাপাশি, প্রয়োজনীয় কনস্যুলার সেবাও অব্যাহত থাকবে।
পূর্ব জেরুজালেমের ওপর ইসরাইলের সার্বভৌমত্বের দাবি স্বীকার করে না যুক্তরাজ্য। অঞ্চলটিকে ইসরাইলের অধিকৃত ভূখণ্ড হিসেবে বিবেচনা করে দেশটি। এ কারণে পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করার অধিকার ইসরাইলের রয়েছে—এমন সিদ্ধান্তও মেনে নিতে নারাজ লন্ডন।
সম্প্রতি পশ্চিম তীরের ইসরাইলি বসতিগুলোর ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা আরোপকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে এ বিরোধের সূত্রপাত। এসব বসতি থেকে উৎপাদিত পণ্যের বাণিজ্য নিষিদ্ধ করার পদক্ষেপও নিয়েছে ব্রিটিশ সরকার। ইসরাইলএই পদক্ষেপকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধির ঘটনা হিসেবে দেখছে।
১৮৩৯ সালে প্রতিষ্ঠিত পূর্ব জেরুজালেমের এই ব্রিটিশ কূটনৈতিক মিশন ফিলিস্তিনিদের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক রক্ষা এবং জেরুজালেম, পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনি জনগণের বিষয়ে কূটনৈতিক কার্যক্রম পরিচালনার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে আসছে। নতুন সিদ্ধান্তের ফলে মিশনটির কার্যক্রম ও দুই দেশের কূটনৈতিক সম্পর্কে কী প্রভাব পড়ে, এখন সেটিই দেখার বিষয়।
তথ্যসূত্র: আল জাজিরা


-6ac504c69fb11.jpg)