নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করতে আরব জোট নেতার হুঁশিয়ারি
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১১:০৬ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং ভবিষ্যতে যেকোনো সরকার গঠনে শর্ত জুড়ে দেওয়ার ক্ষমতা আরব রাজনৈতিক জোটের হাতে রয়েছে বলে মন্তব্য করেছেন জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিন।
শনিবার (১০ অক্টোবর) নিজের অফিস থেকে প্রকাশিত এক বক্তৃতায় তিনি সরকারের পরিবর্তন আনতে সম্ভাব্য সমস্ত উপায় ব্যবহারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। খবর আনাদোলু এজেন্সির।
জাবারিন বলেন, বর্তমান তথ্য-উপাত্ত অনুযায়ী নেতানিয়াহু, ইতামার বেন-গভির এবং বেজালেল স্মোট্রিচের জোট সরকারের বিরুদ্ধে জয়েন্ট লিস্টের সঙ্গে আলোচনা করা ছাড়া অন্য কোনো বিকল্প সরকার গঠনের সুযোগ নেই।
আসন্ন নির্বাচনকে নিজ ভূখণ্ডে নিজেদের ভবিষ্যৎ রক্ষার একটি অস্তিত্বের লড়াই হিসেবে অভিহিত করে তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে আরব নাগরিকদের ওপর ধারাবাহিক হামলা ও নজিরবিহীন উসকানিমূলক আচরণের অভিযোগ করেন।
রাজনৈতিক ঐক্যের ওপর জোর দিয়ে জাবারিন বলেন, আরব সমাজের দাবির প্রেক্ষিতে গঠিত জয়েন্ট লিস্ট আজ বিভিন্ন দল ও পরিমণ্ডলের মধ্যে ব্যাপকতম ঐক্যের প্রতীক। এই ঐক্য আরব নাগরিকদের রাজনৈতিক দরকষাকষির ক্ষমতা অনেক বাড়িয়ে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের প্রধান অগ্রাধিকার হলো নিজেদের জনগণের জন্য নিরাপত্তা বলয় তৈরি করা।
জাবারিনের মতে, তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে একটি নির্দিষ্ট সময়সীমা, বাজেট ও তদারকি ব্যবস্থার মাধ্যমে অপরাধ দমন করা, বাড়ি ভাঙার মতো বেআইনি কার্যক্রম বন্ধ করা, মাস্টার প্ল্যান অনুমোদন, তরুণ দম্পতিদের জন্য জমির ব্যবস্থা করা এবং নেগেভ অঞ্চলের অস্বীকৃত আরব গ্রামগুলোকে স্বীকৃতি দেওয়া।
তিনি পরিষ্কার জানিয়ে দেন, যারা তাদের সমর্থন চায়, তাদের অবশ্যই আরব সমাজের এসব দাবি নিয়ে আলোচনা করতে হবে।
পাশাপাশি, গাজায় গণহত্যা এবং পশ্চিম তীরে জাতিগত নিধন নিয়ে জয়েন্ট লিস্ট চুপ থাকবে না বলেও হুঁশিয়ার করেন জাবারিন। আল আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা, নির্যাতন, আজানে বাধা এবং বিভিন্ন গির্জা ও পাদ্রীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান তিনি।
এদিকে, শুক্রবার (০৯ অক্টোবর) প্রকাশিত একটি ইসরাইলি জনমত জরিপ অনুযায়ী, নেতানিয়াহু জোটের বিকল্প সরকার গঠনের জন্য ইহুদি বিরোধী দলগুলোকে আরব আইনপ্রণেতাদের সমর্থনের ওপর নির্ভর করতে হবে। তবে একই জরিপে দেখা গেছে, ১২০ সদস্যের নেসেটে (ইসরায়েলি সংসদ) আরব দলগুলোর পরবর্তী সরকারে যোগদানের বিষয়টি দেশটির অধিকাংশ ইহুদি নাগরিকের কাছেই অপছন্দের।
আসন্ন ২৬ অক্টোবরের নির্ধারিত নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত সাম্প্রতিক জরিপগুলোতে দেখা যাচ্ছে, নেতানিয়াহুর জোট বা ইহুদি বিরোধী পক্ষ—কারো পক্ষেই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব হচ্ছে না।

