ভোটার তালিকা সংশোধন বাতিলের দাবিতে দিল্লিতে বিক্ষোভ
Advertisement
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের বিতর্কিত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিল এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানী নয়াদিল্লিতে ছাত্র, কৃষক, শ্রমিক ও নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ ‘পিপলস এগেইনস্ট এসআইআর’-এর ডাকে এ বিক্ষোভ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়।
মধ্য দিল্লির কনট প্লেস এলাকায় বাংলা সাহিব গুরুদ্বারের কাছ থেকে পদযাত্রাটি শুরু হয়ে প্যাটেল চকের কাছে অবস্থিত নির্বাচন কমিশনের সদর দপ্তরের দিকে যাওয়ার কথা ছিল। কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বাতিল করতে হবে। একই সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানোর দাবিও জানান তারা।
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটাধিকার রক্ষার আহ্বান জানিয়ে আন্দোলনকারীরা বলেন, প্রতিটি গলি, গ্রাম ও বাড়িকে প্রতিবাদের কেন্দ্রে পরিণত করতে হবে। এ জন্য সাধারণ মানুষকে আরও ব্যাপকভাবে আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান তারা।
গত ১৪ অক্টোবর নয়াদিল্লির সুরজিৎ ভবনে বিভিন্ন কৃষক, দলিত, জনজাতি, নারী ও সংখ্যালঘু সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে ‘পিপলস এগেইনস্ট এসআইআর’ মঞ্চের আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটির অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের বর্তমান প্রক্রিয়া আইনসম্মত নয়। এর ফলে প্রকৃত ভোটারদের ভোটাধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
মঞ্চটির পক্ষ থেকে ২০২৪ সালের আগের ভোটার তালিকা পুনর্বহালের দাবি জানানো হয়েছে। পাশাপাশি নিয়ন্ত্রক ও মহাহিসাব নিরীক্ষকের নির্দেশনা এবং নির্বাচন কমিশনের বিধি মেনে সামাজিক নিরীক্ষার মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদের প্রস্তাবও দিয়েছে সংগঠনটি।
এদিকে, গত ১৩ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ঘটনায় ককরোচ জনতা পার্টির দুই সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে ঘিরে তৎপরতা বাড়িয়েছে দিল্লি পুলিশ। শুক্রবার তাদের নতুন করে সমন পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাজৌরি গার্ডেনে অপরাধ দমন শাখার দপ্তরে হাজির হওয়ার পরিবর্তে সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও দলের আরেক সদস্য অজিঙ্ক শিন্ডে তদন্তকারীদের কাছে অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেন। তদন্তের স্বার্থে তাদের দ্রুত আবারও তলব করা হবে বলে জানিয়েছেন পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
অন্যদিকে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ মতপার্থক্যের অভিযোগও সামনে এসেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী গত ১০ মাসে এসআইআর-সংক্রান্ত সিদ্ধান্ত ও কার্যপদ্ধতি নিয়ে অন্তত ১৪ বার আপত্তি জানিয়েছিলেন।
তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে নির্বাচন কমিশন। কমিশনের বক্তব্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সংশ্লিষ্ট সব কর্মকর্তার সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে।
ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের আপত্তি, নির্বাচন কমিশনের বক্তব্য এবং সংশ্লিষ্ট ঘটনায় পুলিশি তদন্ত—সব মিলিয়ে ভারতের রাজধানীতে রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে। শুক্রবারের বিক্ষোভ ও পদযাত্রা সেই বিতর্ককে আরও সামনে নিয়ে এসেছে।

-6adb7700e5342.jpg)