আরব দলগুলোর সঙ্গে সরকার গঠন করবেন কি না জানালেন নেতানিয়াহু
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পিএম
বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইসরাইলের সদ্য সমাপ্ত নির্বাচনে আরব নেতৃত্বাধীন দলগুলো অভাবনীয় সাফল্য অর্জন করলেও তাদের সঙ্গে জোট বেঁধে সরকার গঠনের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশের পার্লামেন্টে ক্ষমতার সমীকরণ মেলাতে আরব দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও, তাদের সাথে হাত মেলানোর কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় নেতানিয়াহু সরাসরি লিখেছেন, আরব দলগুলোর সঙ্গে সরকার গঠন করা সম্পূর্ণ ‘নিষিদ্ধ’। এর পরপরই নেতানিয়াহুর দল লিকুদ পার্টি নতুন অভিযোগ তুলে দাবি করেছে, আরব দলগুলো নির্বাচনে জালিয়াতি করে আসন ‘চুরি’ করেছে। নির্বাচনে নেতানিয়াহুর জোট একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরেই লিকুদ পার্টি থেকে এই ধরনের অভিযোগ তোলা হলো।
এদিকে ২০২৬ সালের সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে এলেও নতুন সরকার গঠন নিয়ে ইসরাইলে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। ১২০ আসনবিশিষ্ট ইসরাইলি পার্লামেন্টে (নেসেট) সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। তবে প্রধান দুটি শিবিরের কোনোটিই প্রয়োজনীয় সংখ্যা স্পর্শ করতে পারেনি। ফলে একটি স্থিতিশীল সরকার তৈরিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সপ্তাহ কিংবা মাসব্যাপী জটিল দরকষাকষি ও টানাপোড়েন চলতে পারে।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও উগ্র-জাতীয়তাবাদী জোট পেয়েছে ৫৩টি আসন। তবে ২৭টি আসন পেয়ে পার্লামেন্টের একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে তার নিজস্ব লিকুদ পার্টি। অন্যদিকে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন মধ্যপন্থী বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন।
এই পরিস্থিতিতে ট্রাম্পকার্ড হয়ে আবির্ভূত হয়েছে আরব দল ‘রা’ম’ ও ‘জয়েন্ট লিস্ট’। দল দুটি যৌথভাবে ১৯টি আসনে জয়লাভ করেছে। দুই প্রধান শিবিরের আসনঘাটতি থাকায় নতুন সরকার গড়ার ক্ষেত্রে এই ১৯টি আসন অত্যন্ত সংবেদনশীল নিয়ামক হয়ে উঠেছে। তবে নেতানিয়াহু শুরুতেই আরব দলগুলোকে বয়কট করায় ইসরায়েলের রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হলো।
সূত্র: আল-জাজিরা

-6ae475b8a8e93.jpg)